


চণ্ডীগড়, ৮ নভেম্বর: আন্তর্জাতিক স্তরে দীর্ঘ ১০ মাসের তল্লাশির পর বড়োসড়ো সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। ইথিওপিয়া থেকে গ্যাংস্টার ডনি বাল-প্রভ দাসুওয়াল গ্যাংয়ের অন্যতম মাথা গুরবিন্দর ওরফে আফ্রিদিকে দেশে ফেরানো হয়েছে। অপারেশন শহিদের অধীনে এই অভিযান চালায় পাঞ্জাব পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্স এবং কাউন্টার ইন্টেলিজেন্সের ওভারসিজ ফিউজিটিভ ট্র্যাকিং অ্যান্ড এক্সট্রাডিশন সেল। পাশাপাশি এই অভিযানে সহযোগিতা করে কেন্দ্রীয় সংস্থাগুলিও।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বিদেশে বসেই পাঞ্জাবে একাধিক টার্গেট কিলিং, তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানো এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের নির্দেশ দিত অভিযুক্ত গুরবিন্দর। তার গ্রেপ্তারির জন্য তথ্য দিলে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিল পাঞ্জাব সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার একাধিক দেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অভিযানের মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করা হয়। শেষ পর্যন্ত ইথিওপিয়া থেকে তাকে দেশে ফেরাতে সক্ষম হয় পুলিশ। এই আন্তর্জাতিক অভিযানে বিদেশ মন্ত্রক-সহ একাধিক কেন্দ্রীয় সংস্থার সহযোগিতার কথাও স্বীকার করেছে পাঞ্জাব পুলিশ। গুরবিন্দরকে দেশে ফেরানোকে সংগঠিত অপরাধ দমনে বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। এইবার তাকে জিজ্ঞাসাবাদ করে পাঞ্জাবে অপরাধমূলক কাজকর্ম এবং তার গ্যাংয়ের নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য পাওয়ার আশা তদন্তকারী দলের।