


অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: বর্ষার দোসর নিম্নচাপ। কালো মেঘে বাড়ছে উদ্বেগ। তবে ইস্ট বেঙ্গল শিবিরের আবহ বেশ ফুরফুরে। বুধবার ডুরান্ড কাপে অস্কার-ব্রিগেডের প্রতিপক্ষ নামধারী এফসি। জিতলে গোল পার্থক্যে গ্রুপের শীর্ষে ওঠার সুযোগ সাউল ক্রেসপোদের সামনে। ম্যাচের আগে লাল-হলুদ কোচ ব্রুজোঁর মন্তব্য, ‘ জিততেই হবে। দু’ম্যাচে ৬ পয়েন্ট নামধারী এফসি’র। তাই পূর্ণশক্তি নিয়েই মাঠে নামবে ইস্ট বেঙ্গল।’
প্রথম ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫ গোলের মালা পরায় ইস্ট বেঙ্গল। প্রায় দুই সপ্তাহের ব্যবধানে পরের ম্যাচ। এই পর্বে ফিটনেসের উপরে জোর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। মঙ্গলবার চূড়ান্ত মহড়ায় সেই ছাপ স্পষ্ট। মিগুয়েল, কেভিন, হামিদদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ হয়েছে। কিন্তু প্রথম একাদশে কোন চার বিদেশি থাকবেন? তা নিয়েই বেশ কৌতূহল। বিশেষ করে ব্রাজিলিয়ান মিগুয়েলকে নিয়ে সমর্থকদের মধ্যে প্রবল উৎসাহ। প্লে-মেকারের ভূমিকায় মিগুয়েল ক্লিক করলে চিন্তা কমবে থিঙ্কট্যাঙ্কের। মরক্কোর হামিদ প্রস্তুতি ম্যাচে গোল পেয়েছেন। বুধবারের যুবভারতীতে তার দিকেও নজর থাকবে। তবে চোটের জন্য বিষ্ণুকে এই ম্যাচে পাচ্ছেন না অস্কার।
এদিন দৌড়, ফান-গেমের মাধ্যমে ফিটনেসের পর দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশন অনুশীলন করালেন লাল-হলুদ কোচ। নামধারীর বিরুদ্ধে অল ইন্ডিয়ান ডিফেন্সেই আস্থা রাখতে পারেন অস্কার। সেক্ষেত্রে মাঝমাঠে তিন বিদেশি ব্যবহার করার পরিকল্পনা। রশিদ, মিগুয়েল ও সাউলকে প্রথম একাদশে দেখা যেতে পারে। দুই উইংয়ে মহেশ ও এডমুন্ড। লক্ষ্যভেদের দায়িত্বে একা দিয়ামানতাকোসের উপরেই ভরসা রাখছেন অস্কার। এদিন অনুশীলনের পর প্রায় মিনিট দশেক আলাদা করে গ্রিক স্ট্রাইকারের সঙ্গে কথা বললেন তিনি। ব্রুজোঁ বললেন, ‘নামধারী দুই বিদেশি খেলাচ্ছে। প্রতিপক্ষকে চাপে রাখতে চার বিদেশিকেই খেলাত চাই।’ অনুশীলনে ইঙ্গিত, শুরুতেই গোল তুলে প্রতিপক্ষের মনোবল ভাঙতে চাইছেন কোচ লাল-হলুদ কোচ। এদিকে, টানা দু’টি ম্যাচে জিতে বেশ আত্মবিশ্বাসী নামধারী। দৌড়, ফিটনেস বেশ ভালো। দূরপাল্লার শটে বেশ দক্ষ পাঞ্জাবের ফুটবলাররা। দলে রয়েছেন ইস্ট বেঙ্গলের খেলে যাওয়া কমলপ্রীত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বুধবার লাল-হলুদকে বেগ দিতে মরিয়া আই লিগে খেলা দলটি।
যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।