


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওমানে ইস্ট বেঙ্গল টিম হোটেল মেরেকেটে ঘণ্টাখানেক দূরত্বে আল সিব স্টেডিয়াম। ঘাড়ের কাছেই গ্যালারি। ১৪ হাজার দর্শকাসনের এই স্টেডিয়ামেই মঙ্গলবার এসিএল টু’য়ের ম্যাচে আল সিবের মুখোমুখি হচ্ছে লাল-হলুদ ব্রিগেড। আন্তোনিও লোপেজ হাবাসের জমানায় অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। জিতলে পরের রাউন্ডে পৌঁছানোর আশা জিইয়ে থাকবে। অন্যথায় এসিএল টু’র গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত। সরু সুতোয় ঝুলছে আনোয়ারদের ভাগ্য। ম্যাচের আগে হাবাসের মন্তব্য, ‘দল তৈরি। গুরুত্ব সম্পর্কে নতুন কিছু বোঝানোর নেই। জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামব।’ এর আগে একবারই আল সিবের মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল। ১৯৯৫ সালে কোঝিকোড়ে সিজার্স কাপের সেই ম্যাচে অবশ্য০-১ গোলে পরাস্ত হয় লাল-হলুদ ব্রিগেড। মোহন বাগান সমর্থকদের মনে পড়তে পারে, ফানজা ম্যাচের কথা। ১৯৮৮ সালে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে সুদীপ চক্রবর্তীর গোলে ওমানের এই ক্লাবকে হারায় তারা।
সোমবার আল সিব স্টেডিয়ামেই ঘণ্টাখানেক অনুশীলন সারল ইস্ট বেঙ্গল। ওয়ার্ম-আপের পর মূলত সিচুয়েশন মুভমেন্টেই জোর দেন হাবাস। জর্ডনের আল হুসেইন ও ইরাকের আল শোর্তার বিরুদ্ধে শুরুতেই গোল তুলে নিয়েছিল ইস্ট বেঙ্গল। মঙ্গলবারও তেমনই পরিকল্পনা হাবাসের। আসলে শুরুতে ঝটকা দিয়ে আল সিবকে টলিয়ে দিতে চান স্প্যানিশ কোচ। প্রতিপক্ষ গুছিয়ে নেওয়ার আগেই লক্ষ্যভেদ চান তিনি। চলতি মরশুমে মূলত ৪-২-৩-১ ফর্মেশনে দলকে খেলাচ্ছেন অভিজ্ঞ কোচ। মাঝমাঠের রাশ রশিদ, রামিরেজের পায়ে থাকছে। পাশাপাশি উইং থেকে এডমুন্ড, বিপিনের বিষ মাখা সেন্টার খুঁজে নিচ্ছে ডেভিড বা লোবাকে। আইএসএলে ইন্টার কাশীকে প্রায় একাই ছারখার করে দিয়েছিলেন একে লোবা। আইভরি কোস্টের এই বিদেশিকে প্রথম একাদশে খেলানো নিয়ে অবশ্য ধোঁয়াশা থাকছেই। ইস্ট বেঙ্গলের আপফ্রন্টে বৈচিত্র প্রচুর। কিন্তু রক্ষণ সমস্যা কাঁটার মতো বিঁধছে। ক্রোট স্টপার জিভুলিচের সঙ্গে আনোয়ারের কম্বিনেশন এখনও তৈরি নয়। তার উপর জিভুলিচ বেশ শ্লথ। উইং থেকে ভেসে আসা বলেও খেই হারাচ্ছে রক্ষণ। পাশাপাশি দ্রুতগতির উইং হাফের বিরুদ্ধে হার্দিক ভাট ছন্নছাড়া। আল হুসেইন কিংবা আল শোর্তা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আল সিবের বিরুদ্ধে এমন ভুল করলে সমস্যা বাড়বে।
ফিফা র্যাংকিংয়ে ৮১ নম্বরে রয়েছে ওমান। সেই তুলনায় আল সিব এখনও ম্রিয়মান। চলতি টুর্নামেন্টে এখনও জয়ের মুখ দেখেনি তারা। গ্রুপে নিজেদের দু’টি ম্যাচেই বশ মেনেছে আল সিব। তবে গত মরশুমে ওমান লিগ জিতেছে তারা। ২০২৩ সালে ওমান সুপার কাপ বিজয়ীরা ঘরের মাঠে প্রত্যাবর্তনে মুখিয়ে।
ম্যাচ শুরু রাত ৯-৩০ মিনিটে।
সম্প্রচার ফ্যান কোডে।