


ওয়েলিংটন: গত কয়েক বছরের সাফল্যের খতিয়ানেই স্পষ্ট, টি-২০’তে টিম ইন্ডিয়া কতটা শক্তিশালী প্রতিপক্ষ। চলতি বছরে শ্রেয়স আয়াররা এই ফরম্যাটে অপরাজিত। তবে গত সিরিজে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল ‘মেন ইন ব্লু’। এই ফল কিছুটা হলেও ভারতীয় দলের কাছে ছিল সেটব্যাক। তবে ভুলভ্রান্তি শুধরে গৌতম গম্ভীরের ছেলেরা নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে। পর পর দু’টি ম্যাচ জেতায় মনোবল তুঙ্গে শ্রেয়সদের। মঙ্গলবার ওয়েলিংটনে তৃতীয় ম্যাচ। ভারতের সামনে দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতারও হাতছানি।
প্রথম দু’টি খেলা হয়েছিল ক্রাইস্টচার্চে। আবহাওয়া কিংবা পিচ নিয়ে তেমন সমস্যায় পড়তে হয়নি ভারতীয় ক্রিকেটারদের। তবে ওয়েলিংটন তার ঠিক উল্টো। ঠান্ডা বাতাস বইছে। এক পশলা বৃষ্টিও হয়েছে। পিচে রয়েছে অতিরিক্ত বাউন্স। নতুন বলে সুইং হওয়ার সম্ভাবনা বেশি। তা সামলে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়াই প্রারম্ভিক ব্যাটারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চোটের কারণে এই ম্যাচেও নেই ঈশান কিষান। তাই বৈভব সূর্যবংশীর খেলার সম্ভাবনা প্রবল। গত ম্যাচে তিন নম্বরে নেমেছিল বাঁ হাতি। ওয়েলিংটনেও ব্যাটিং অর্ডারে বদল হওয়ার সম্ভাবনা কম। তবে তিনে নেমে বৈভব খুব একটা যুত করতে পারেননি। তাই ওপেনার হিসেবে তাকে ব্যবহার করা হলে মন্দ হবে না, এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে সঞ্জু ও অভিষেকের প্রারম্ভিক জুটি যথেষ্ট সফল। তাই পরীক্ষা-নিরীক্ষার অবকাশ সত্যিই কম।
পরের দিকে শ্রেয়স আয়ার, তিলক ভার্মার মতো ম্যাচ উইনার আছেন। গত ম্যাচে তিলক দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। নমন ধীর, নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেলদের মতো অলরাউন্ডার থাকায় ভারতের ব্যাটিং বেশ লম্বা। সেটা কঠিন মুহূর্তে কার্যকরীও হয়।
নিউজিল্যান্ড অবশ্য ঘরের মাঠে কামব্যাকের মরিয়া চেষ্টা করবে। পর পর দু’টি ম্যাচ হেরে বেশ চাপে স্যান্টনার বাহিনী। তাই প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকছে। ব্যাটিংয়ে ফিন অ্যালেন, টিম সেইফার্ট, গ্লেন ফিলিপসের মতো তারকা আছেন। ডেভন কনওয়েকে খেলানো হতে পারে। ড্যারিল মিচেল, ব্রেসওয়েলরা মিডল অর্ডারে কিউয়িদের বড় ভরসা।
সিরিজে ভারতের দাপট চোখে পড়লেও বোলিংয়ে অনেক উন্নতি প্রয়োজন। বিশেষ করে এই ম্যাচে পেসারদের হাতে থাকবে রাশ। তাই ভুবনেশ্বর কুমারের মতো সুইং বোলারের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। বাঁ হাতি অর্শদীপের সামনেও জ্বলে ওঠার মঞ্চ সাজানো। পাশাপাশি প্রিন্স যাদবকে খেলানো হতে পারে।
ম্যাচ শুরু দুপুর ১২-৩০ মিনিটে। সোনি স্পোর্টসে সরাসরি সম্প্রচার।