


ঢাকা: শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাওয়া হবে বলে জানাল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এদিন বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ‘হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতকে বোঝানোর চেষ্টা করছি।’ মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। তারপর থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য দাবি জানাতে শুরু করেছে ইউনুস সরকার। যদিও দেশে ফেরার সিদ্ধান্তের বিষয়টি হাসিনার উপরেই ছেড়ে দিয়েছে দিল্লি। এদিন তৌহিদও জানিয়েছেন, হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি পুরোপুরি ভারতের উপর নির্ভর করছে। এদিকে, আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বহু প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে দিনক্ষণ জানাবেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার।