


জয়পুর, ২ নভেম্বর: সড়ক নির্মাণের কাজ চলছিল। হঠাৎ নেমে এল বিপর্যয়! রাজস্থানের ঝুনঝুনু জেলার ছাপোলী গ্রামের কাছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ জন শ্রমিকের। কদম কুন্ডের দিকে যাওয়া রাস্তার উপর কাজ চলছিল। সেই রাস্তার উপর দিয়েই গিয়েছে একটি ১১ হাজার ভোল্টেজের তার। সূত্রের খবর, সেখানে রাস্তা নির্মাণে ব্যবহৃত একটি কাঁকর মেশানোর মেশিনের উপর সেই তারের সংস্পর্শ ঘটে। এরফলে সেই সময় সেখানে উপস্থিত ৮ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
উদয়পুরওয়াটি থানা এলাকার এই ঘটনা। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরেই সেখানে ভিড় জমান আশেপাশের এলাকার মানুষ। এক পুলিশ আধিকারিক জানান, পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আরও এক পুশিল আধিকারিক জানান, এই ঘটনায় সেখানেই মৃত্যু হয় ৫ জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তবে যেখানে কাজ চলছে, সেখানে শ্রমিকদের জন্য কেন কোনো নিরাপত্তা থাকবে না? কাজ করতে গিয়ে এভাবে প্রাণ হারাতে হবে? প্রশ্ন তুলছেন এলাকাবাসী।