


সিডনি: অ্যাসেজের পঞ্চম টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের শেষে ১১৯ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৩০২-৮। অবশ্য জেকব বেথেলের অবিশ্বাস্য সেঞ্চুরি ছাড়া খেলা পঞ্চমদিন গড়াতই না। জীবনের প্রথম টেস্ট শতরানে ২২ বছর বয়সিই লড়াইয়ে রাখলেন সফরকারী দলকে। ঘটনাচক্রে প্রথম শ্রেণির ক্রিকেটেও এটা বার্বাডোজে জন্মানো এই খেলোয়াড়ের প্রথম তিন অঙ্কের রান। ২৩২ বলে ১৪২ রানে অপরাজিত বেথেলের দিকেই এখন তাকিয়ে রয়েছে ইংল্যান্ড। বৃহস্পতিবার সকালে লিড বাড়াতে তিনিই ভরসা। তবে ম্যাচের যা অবস্থা, তাতে হোমটিমের ৪-১ করা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রিকেট মহল। বুধবার সাত উইকেটে ৫১৮ নিয়ে দ্বিতীয় ইনিংসে শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিছুক্ষণের মধ্যেই বিউ ওয়েবস্টার পঞ্চাশ পূর্ণ করেন। অষ্টম উইকেটে স্মিথের সঙ্গে জুটিতে একশো রানের গণ্ডি পেরিয়ে যান তিনি। এরপরই আঘাত হানেন জশ টং। তিনি ফেরান স্মিথকে (১৩৮)। অজি ক্যাপ্টেনের ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছক্কা। সেই সঙ্গে ভেঙে পড়ে অজিরা। মিচেল স্টার্ক (৫) ও স্কট বোল্যান্ড (০) ফেরেন পরপর। ৭১ রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার।
১৮৭ রানের ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছিল সফরকারী দল। জ্যাক ক্রলি (১), জো রুট (৬), উইল জ্যাকস (০), ক্যাপ্টেন বেন স্টোকস (১) ব্যর্থ। তিন নম্বরে নামা বেথেল ছাড়া কিছুটা লড়লেন বেন ডাকেট (৪২) ও হ্যারি ব্রুক (৪২)। এরমধ্যে সকালে বল করতে গিয়ে পেশিতে টান ধরে স্টোকসের। ওভার শেষ না করেই বেরিয়ে আসেন তিনি। সেজন্য ব্যাটিং অর্ডারে আট নম্বরে নামেন তিনি। তবে পাঁচ বলের বেশি ক্রিজে থাকতে পারেননি স্টোকস।