


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধুই পেনশন বৃদ্ধি নয়। এর সঙ্গে যুক্ত হোক মহার্ঘ ভাতাও (ডিএ)। একইসঙ্গে ইপিএফ পেনশন গ্রাহক এবং তাঁর স্ত্রী অথবা স্বামীকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যাপারেও পদক্ষেপ করা হোক। কেন্দ্রের মোদি সরকারের কাছে এমনই দাবি জানাতে চলেছেন ইপিএফ পেনশন প্রাপকরা। কাল, সোমবার থেকে দিল্লির যন্তরমন্তরে তিনদিনের ধর্না বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন প্রবীণরা। তাঁদের মূল দাবিই হল, ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ মাসে এক হাজার টাকা থেকে বাড়িয়ে অন্তত সাড়ে সাত হাজার টাকা করা।
সোমবারের কর্মসূচির আগে শনিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করেছেন ‘ইপিএস ৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি’র সদস্যরা। আর সেখানেই কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কর্মী পিএফের (ইপিএফ) প্রবীণ পেনশন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এব্যাপারে সোচ্চার হলেও কেন্দ্র কোনো কর্ণপাত করছে না। অবিলম্বে মাসে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথেই হাঁটা হবে। সংগঠকদের অভিযোগ, ন্যূনতম পেনশন হিসাবে ইপিএফ গ্রাহকদের যে টাকা দেওয়া হয়, তা দিয়ে সম্মানজনক জীবনধারণ অসম্ভব। অর্থাভাবে সারা দেশে প্রতিদিন বহু ইপিএফ পেনশন গ্রাহকের মৃত্যু হচ্ছে। একইসঙ্গে সংগঠকরা দাবি জানিয়েছেন যে, যাঁরা ইপিএস ১৯৯৫ স্কিমের বাইরে থাকবেন, তাঁদের মাসে অন্তত পাঁচ হাজার টাকা পেনশন প্রদানের ব্যবস্থা করুক সরকার।