


সংবাদদাতা, কাঁথি: এগরা শহরের পটলাইকা মার্কেটে গোল্ডেন ফিউচার ক্লাবের উদ্যোগে আগামী কাল, শনিবার উল্টোরথের দিন ছোট রথের প্রতিযোগিতা ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ তুঙ্গে। এগরা মহকুমার সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় ১২০০টির কাছাকাছি সুদৃশ্য রথ বিভিন্ন এলাকা থেকে আসে। এই উপলক্ষ্যে পটলাইকা মার্কেট প্রাঙ্গণে এবার তিনদিন নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়েছে। ক্লাবের রথযাত্রা এবার সপ্তম বর্ষে পদার্পণ করল। রথযাত্রা উপলক্ষ্যে বসে মেলা। এগরা সহ বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ মেলায় আসেন। প্রচুর দোকানপাটও বসে। ক্লাবের সভাপতি রাজকুমার মিশ্র, সম্পাদক নান্টু জানা, কোষাধ্যক্ষ সৌম্যদীপ শাসমল বলেন, সকলেকে আনন্দ দিতে প্রতি বছর রথ প্রতিযোগিতা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টা হরিপদ পণ্ডা বলেন, বর্তমানে মোবাইল ফোনের বাড়বাড়ন্তের যুগে শিশু-কিশোররা নিজেদের হাতে তৈরি রথ মেলায় নিয়ে আসছে। নান্দনিক শিল্পকলা, সৃজনশীলতার পরিচয় দিচ্ছে, এটাই বড় পাওনা। তাদের কারুশিল্পের প্রতি আগ্রহ বাড়াতে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করি। এতে শিশুরা সৃষ্টিশীল হবে। শনিবার বিকেল থেকেই রথ আসা শুরু হবে। বিশিষ্ট মানুষজনের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হবে। প্রতিটি বিভাগে পাঁচটি করে মূল পুরস্কার থাকছে। বাকি সকলের জন্যই রয়েছে সান্ত্বনা পুরস্কার। লাকি ড্রয়ের মাধ্যমেও পুরস্কার রয়েছে। বনসৃজনের লক্ষ্যে আগত সকলকে একটি করে চারাগাছ দেওয়া হবে। রবিবার ৫-১৬বছর বয়স পর্যন্ত তিনটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা এবং সর্বসাধারণের জন্য বল ছুঁড়ে ভাগ্যের পরীক্ষা প্রতিযোগিতা রয়েছে। সন্ধ্যায় রয়েছে ম্যাজিক শো। তারপর বিভিন্ন প্রতিযোগিতার সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সোমবার ড্যান্স ট্রুপ এবং ব্যান্ডের অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানে বাইরের শিল্পীদের সঙ্গে স্থানীয় শিল্পীদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান স্বপনকুমার নায়ক বলেন, এই ক্লাব যথেষ্ট সুনামের সঙ্গে রথ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। আমরা আয়োজকদের সবসময় উৎসাহ দিতে পাশে থাকার চেষ্টা করি।-নিজস্ব চিত্র