


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত কয়েক বছরের তুলনায় চলতি মরশুমে আইএসএলে বেশ শক্তিশালী দল গড়েছে ইস্ট বেঙ্গল। সমর্থকরা আশায় ছিলেন, এবার হয়তো ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের রাজপথে ফিরবে প্রিয় দল। তবে লিগের পাঁচ ম্যাচ শেষে আবারও পুরানো চিত্র লাল-হলুদ শিবিরে। শেষ তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে শুরুতেই খেতাবি দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে অস্কার ব্রিগেড। শোনা যাচ্ছে, ইচ্ছেমতো ছড়ি ঘোরাচ্ছে লগ্নিকারী সংস্থা। আর এমনটা চললে কখনও সাফল্য পাওয়া সম্ভব নয় বলে মনে করেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
রবিবার ক্লাবের প্রাণপুরুষ দীপক (পল্টু) দাসের ২৫তম প্রয়াণ দিবসের অনুষ্ঠানে বাইচুংয়ের স্মৃতিচারণ, ‘আমি ইস্ট বেঙ্গলের ছেলে। ফুটবল জীবনে যতটুকু দাগ কাটতে পেরেছি, তার নেপথ্যে দু’জনের অবদান অনস্বীকার্য। তাঁরা হলেন ভাস্করদা (গাঙ্গুলি) ও পল্টুদা। তাঁরা না থাকলে আমি হয়তো এই জায়গায় পৌঁছাতেই পারতাম না।’ পাশাপাশি তাঁর আক্ষেপ, ‘লগ্নিকারী সংস্থা ও ক্লাব ভিন্ন দিশায় চলছে, যা কাম্য নয়। ক্লাব কর্তাদের সঙ্গে নিয়েই বিনিয়োগকারী সংস্থাকে এগিয়ে চলতে হবে।’ তাঁর সংযোজন, ‘আমার মতে, যারা টাকা ঢালে তাদের কাছে আবেগের মূল্য নেই। ভুললে চলবে না ইস্ট বেঙ্গল, মোহন বাগান হল সদস্য-সমর্থকদের ক্লাব। তাদের ইচ্ছাকে গুরুত্ব দিতেই হবে। বড় দল চালাতে অর্থের সঙ্গে আবেগও প্রয়োজন।’ পাশাপাশি ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়ার আশ্বাস, ‘আগামী এক বছরের মধ্যে ইস্ট বেঙ্গলকে ভারতের সেরা ক্লাব বানাব। পল্টুদার আদর্শ মেনেই আমাদের এগিয়ে চলতে হবে।’
এদিন ধনধান্য অডিটোরিয়ামে ‘দীপক জ্যোতি’ সম্মান প্রদান করা হয় প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আইনজীবী জয়ন্ত মিত্র, চিকিৎসক রাজা ধর ও শিল্পপতি সমিত রায়কে। মঞ্চে রীতিমতো আপ্লুত দেখায় ঋতুপর্ণাদের। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে ক্যানসারে আক্রান্তদের পাশে দাঁড়াতে লাইফ বিয়ন্ড ক্যান্সার ট্রাস্টের হাতে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি, সচিব, শীর্ষকর্তা সহ একঝাঁক প্রাক্তন ফুটবলার।