


নানা ধরনের খাবার খেতে ভালোবাসেন করিনা কাপুর খান। এককথায় নিজেকে ‘ফুডি’ তকমা দেন নায়িকা। বাড়িতে তাঁকে নিত্য নতুন রেসিপি তৈরি করে নাকি চমকে দেন সইফ আলি খান! সদ্য এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন করিনা। তিনি জানিয়েছেন, ‘রাঁধুনি’ হিসেবে বাড়ির সদস্যদের মধ্যে সইফ সবথেকে বেশি নম্বর পাবেন। বান্দ্রায় তাঁদের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের রান্নাঘরেই নাকি অনেকটা সময় কাটে দম্পতির। করিনার কথায়, ‘আমরা একসঙ্গে রান্না করতে ভালোবাসি। এমনকী তৈমুর আর জেহও সেসময় আমাদের সঙ্গে থাকে। কেরালার খাবার সইফ খুব পছন্দ করে। ও নানারকম রেসিপি ট্রাই করতে ভালোবাসে।’ করিনার আবার খিচুড়ি পছন্দ। মা ববিতার হাতে তৈরি ‘সিন্ধ্রি কারি’ এবং ‘আলু টুক’-এর মতো পদও তাঁর দারুণ প্রিয়। কড়া ডায়েটে থাকলেও চিট ডে-তে পিৎজা খেয়ে নেন বলে জানিয়েছেন নায়িকা।