


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিহাস গড়লো ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল। কলকাতার প্রথম দল হিসাবে ঘরের মাঠে এফিসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেললো লাল-হলুদের প্রমীলা ব্রিগেড। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ভিয়েতনামের দল হোচিমিন সিটিকে ২-১ ব্যবধানে হারালেন সিল্কি, সুলঞ্জনারা। ফাজিলার জোড়া গোলে প্রথমার্ধেই লিড নিয়েছিল তারা। ২১ মিনিটে স্পট-কিক থেকে প্রথম লক্ষ্যভেদ। ৩৪ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান বাড়ান ফাজিলা (২-০)। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিয়েতনামের দলটি। ৬০ মিনিটে তাদের ডুয়া আনার লক্ষ্যভেদ ব্যবধান কমায়। তবে শেষরক্ষা হয়নি। গ্রুপের পরের ম্যাচে বুধবার ফাজিলাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার হুয়ানচিওন কেএসপি।