


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সেখানে দেখা যাচ্ছে, এসসি তালিকাভুক্ত রয়েছে ১২টি ওয়ার্ড। সেগুলি হল- ২৫, ৩১, ৫২, ৭৫, ১২৫, ১৪৪, ১৫৪, ১৫৮, ১৯২, ১৯৭, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড। এর মধ্যে আবার চারটি ওয়ার্ড (২৫, ৭৫, ১৫৪ ও ১৯৭ নম্বর ওয়ার্ড) মহিলাদের (এসসি) জন্য সংরক্ষিত। অর্থাৎ, আটটি ওয়ার্ড থাকছে পুরুষদের (এসসি) জন্য। এর বাইরে আরও ৬৬টি ওয়ার্ড মহিলাদের (জেনারেল বা সাধারণ) জন্য সংরক্ষিত করা হয়েছে। বাকি ১৩১টি ওয়ার্ড সাধারণ আসন। তবে এসটি তালিকাভুক্ত কোনো ওয়ার্ড নেই। তাৎপর্যপূর্ণ বিষয় হল, চূড়ান্ত তালিকা এবং খসড়া তালিকার মধ্যে বিস্তর ফারাক নজরে আসছে। যেমন, আগে খসড়া তালিকায় যে চারটি ওয়ার্ড মহিলাদের (এসসি) জন্য সংরক্ষিত ছিল, চূড়ান্ত তালিকায় তার
মধ্যে একটিমাত্র ওয়ার্ড ছাড়া বাকি তিনটিই নতুন। এমনকি, খসড়া তালিকার থেকে চূড়ান্ত তালিকায় মহিলা (জেনারেল) ক্যাটেগরিতেও একাধিক ওয়ার্ড বদলে গিয়েছে।