


সংবাদদাতা, কাকদ্বীপ: নিম্নমানের সামগ্রী দিয়ে নদীবাঁধ মেরামতের অভিযোগ উঠল সাগরের ঘোড়ামারা পঞ্চায়েত এলাকায়। এনিয়ে গ্রামবাসীরা মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগও জানিয়েছেন। তার ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। জানা গিয়েছে, গত পূর্ণিমার কোটালে ঘোড়ামারার হাটখোলা এলাকায় প্রায় ৩০০ মিটার নদীবাঁধ ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে টেন্ডারের পর সেই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরি করা হচ্ছে। বিশেষত বাঁধের পাশে বাঁশের সরু আগালি (উপরের অংশ) পোঁতা হচ্ছে। এর ফলে বাঁধটি দুর্বল হয়ে পড়বে।
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা কালীপদ কারক বলেন, ভাঙনের জেরে ঘোড়ামারা দ্বীপ ক্রমশ ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এখানে মজবুতভাবে বাঁধ নির্মাণ করতে হবে। কারণ এখানে নদী খুবই খরস্রোতা। কিন্তু তা না করে, সেই আগের মতো একইভাবে বাঁশের আগালি পুঁতে দুর্বল নদীবাঁধ তৈরি করা হচ্ছে। গ্রামবাসীদের দাবি, শক্ত খুঁটি কিংবা বাঁশের গোড়া পুঁতে তার পিছনে মাটি ফেলে বাঁধটি মেরামত করা হোক। এই বিষয়ে ঠিকাদারকে বললেও তিনি কোনো কিছুই শুনছেন না। উল্টে গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন। তাই পুরো বিষয়টি প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নিজস্ব চিত্র