


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের মাছ ধরতে যাওয়া নিয়ে একটা জট কাটতে না কাটতেই আবার এক জটিলতা তৈরি হয়েছে। অভিযোগ, মাছ ধরার অনুমতিপত্র ও জঙ্গলের নদীতে যেতে পাশ ইস্যু করা নিয়ে নতুন নিয়ম করেছে সুন্দরবন টাইগার রিজার্ভ। অন্যান্য নথির সঙ্গে এবার অনলাইন থেকে ডাউনলোড করা প্রিন্টেড ইনকাম সার্টিফিকেট চাওয়া হচ্ছে মৎস্যজীবীদের থেকে। যাঁরা হাতে লেখা সার্টিফিকেট নিয়ে গিয়েছিলেন, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে অনেক পঞ্চায়েতে প্রধান দপ্তরে যাচ্ছেন না। জেলে আছেন কয়েকজন। ফলে সমস্যায় পড়ে হন্যে হয়ে সার্টিফিকেট নিতে ঘুরছেন গরিব মৎস্যজীবীরা।
প্রথমে ক্যানিংয়ের বদলে বসিরহাট রেঞ্জের সজনেখালি ও ঝিলার অফিস থেকে অনুমতিপত্র ও পাশ দেওয়ার কথা ঘোষণা করেছিল টাইগার রিজার্ভ। ক্যানিং মহকুমার মৎস্যজীবীদের আপত্তি ও লাগাতার চাপের কাছে নমনীয় হয় তারা। কদিন আগে থেকে ক্যানিং থেকে তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিযোগ, এখন যাঁরা সেখানে আবেদন করতে যাচ্ছেন তাঁদের থেকে প্রিন্ট করা ইনকাম সার্টিফিকেট চাওয়া হচ্ছে। কেউ তা দিতে পারলেও অনেকেই সেটা পারছেন না। এদিকে আবেদনের শেষদিন ৪ আগস্ট ধার্য আছে। কী ভাবে মিলবে এই সার্টিফিকেট সেই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে মৎস্যজীবীদের। সুন্দরবন মৎস্যজীবী যৌথ সংগ্রাম কমিটির সম্পাদক গোবিন্দ দাস বলেন, টাইগার রিজার্ভের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে স্রেফ ইনকাম সার্টিফিকেট উল্লেখ করা আছে। তারা এখন অনলাইন সার্টিফিকেট লাগবে বলে আমাদের জানিয়েছে। ফলে অনেক মৎস্যজীবী পড়েছেন সমস্যায়।