


লুধিয়ানা, ১৩ মার্চ: খেলতে খেলতে মাঠেই লুটিয়ে পড়লেন তরুণ ফুটবলার। মৃতের নাম রবিন্দর সিং (২৫)। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। লুধিয়ানার মাজারি গ্রামের এই বাসিন্দা নামধারী এফসির প্লেয়ার। খেলেছেন আইএফএ শিল্ড, ডুরান্ড কাপও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাঞ্জাবের একটি লিগের ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাঠেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। এই মর্মান্তিক ঘটনায় ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে। নামধারী এফসির পক্ষ থেকে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। বলা হয়, এই মৃত্যু অপূরণীয় ক্ষতি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে ক্লাবের কোচ এবং স্টাফরা ফুটবলারের মৃত্যুতে নীরবতা পালন করছেন। ইতিমধ্যেই ক্লাবের তরফ থেকে তাঁর পরিজনদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। ক্লাবের পাশাপাশি তাঁর সতীর্থরাও শোকপ্রকাশ করেছেন। বেঙ্গালুরু এফসি এবং গোকুলাম কেরল এফসির পক্ষ থেকেও শোকবার্তা জানানো হয়েছে। সূত্রের খবর, ফুটবলারের নিজের গ্রামেই শেষকৃত্যের কাজ সম্পন্ন করেন তাঁর দাদা ভূপেন্দ্র সিং।