


সংবাদদাতা, রঘুনাথপুর: পুরুলিয়া জেলা পুলিশের সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশ চারজন বাংলাদেশীকে আটক করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ সালকা হাসপাতাল রোড এলাকা থেকে শাড়ি পরিহিত মোহাম্মদ তৌহিদ মণ্ডলকে আটক করে। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে বাংলাদেশের রাজবাড়ি জেলার বাসিন্দা বলে পরিচয় দেয়। এবং জানায় যে, ১ সেপ্টেম্বর কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে তারা নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ পুরুলিয়া টাউন থানা এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। সেখানে আরও ৩ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, আটক তিনজন হল মহম্মদ জাহিদ ইমন, সুমন শেখ এবং শান্ত হোসেন। জেলা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী চারজনকেই বর্তমানে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তাঁদের বাংলাদেশে প্রত্যাবাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি চেয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।