


প্যারিস, ২৭ জানুয়ারি: অস্ট্রেলিয়ার পর এবার ফ্রান্স। শিশু-কিশোরদের জন্য নিষিদ্ধ হতে চলেছে সোশ্যাল মিডিয়া। এমনই বিল পাশ হয়েছে সেদেশের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’তে। যেখানে বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সিরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না। শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ সুরক্ষিত রাখতেই এই উদ্যোগ।
সোশ্যাল মিডিয়া নিয়ে স্থানীয় সময় সোমবার দীর্ঘ আলোচনা হয় ফরাসি পার্লামেন্টে। রাতে হয় ভোটাভুটি। সেখানে বিলটির পক্ষে ১৩০টি এবং বিপক্ষে ২১টি ভোট পড়ে। এবার বিলটিকে ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। বিলটি আইনসভায় পাশ হয়ে গেলে ২০২৬ শিক্ষাবর্ষেই তা আইন হিসেবে কার্যকরের পরিকল্পনা করেছে ফ্রান্স সরকার। তখন ১৫ বছরের কম বয়সিরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ইত্যাদি সাইটে অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর যাদের অ্যাকাউন্ট আছে, সেগুলি বন্ধ করে দেওয়া হবে।
সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এক্স-এ তিনি লিখেছেন, ‘এটি ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ।’ যদিও সরকারের এহেন পদক্ষেপের সঙ্গে সহমত নয় দেশের শিশু সুরক্ষা সংগঠনগুলি। এমন ন’টি সংগঠনের বক্তব্য, সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ না করে বরং এই কোম্পানিগুলিকে জবাবদিহির আওতায় আনা হোক।