


সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি বেড়েছে। বালুরঘাট শহরে রেলস্টেশনেও নিরাপত্তা বাড়ল। জিআরপি এবং আরপিএফের তরফে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশন চত্বরে। যাত্রীদের চেকিং করে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে। এমনকী ট্রেনের প্রত্যেকটি কামরায় চেকিং করা হচ্ছে। যাত্রীর ব্যাগেও তল্লাশি চালানো হচ্ছে। দক্ষিণ দিনাজপুর সীমান্তবর্তী জেলা। এই জেলার হিলি দিয়ে অনুপ্রবেশ করে বাংলাদেশিরা ট্রেন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয়। গত কয়েকমাসে বালুরঘাটে বহু বাংলাদেশি ধরা পড়েছে। এমনকী রেলস্টেশনেও বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল। তাই কোনওভাবেই যাতে নিরাপত্তার ফাঁক না থাকে, তাই স্টেশনে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। শুক্রবার বিকেলে বালুরঘাট রেল স্টেশনের জিআরপি এবং আরপিএফ যৌথভাবে তল্লাশি চালায়। বালুরঘাট রেল স্টেশনের আরপিএফ ইনচার্জ হরি কিশোর বলেন, স্টেশনের নিরাপত্তার স্বার্থেই তল্লাশি চলছে। বালুরঘাট রেল স্টেশনের জিআরপি থানার ওসি রতন সরকার বলেন,আমরা স্টেশনের নিরাপত্তা বাড়িয়েছি। এমনিতেই আমাদের নিরাপত্তা থাকেই। এই পরিস্থিতিতে নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে।
বালুরঘাট স্টেশনের ট্রেন ধরতে যাওয়া এক যাত্রী রাজা কুণ্ডু বলেন, কলকাতা যাব বলে ট্রেন ধরতে এসেছি। স্টেশনে দেখলাম নিরাপত্তা অনেকটাই বেড়েছে। আমাদের ব্যাগ চেক করা হয়েছে। এটা খুবই ভালো বিষয়।