


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লিলুয়া স্টেশনের রেল লিফটে আটকে পড়া ৯ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করল জিআরপি। শুক্রবার সন্ধ্যায় প্ল্যাটফর্ম ১ ও ২ এর মাঝের লিফটে এক শিশু, দু’জন সত্তরোর্ধ্ব বৃদ্ধ সহ ন’জন আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় জিআরপি। দেখা যায়, লিফটটি বিকল হয়ে প্ল্যাটফর্মের নীচে নেমে গিয়েছে। এরপর জিআরপির আধিকারিক ও কর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লিফটের দরজা খুলে সকলকে বাইরে বের করে আনেন। উদ্ধার হওয়া প্রত্যেকেই সুস্থ ছিলেন বলে জানিয়েছে জিআরপি। কী কারনে লিফট খারাপ হল, খতিয়ে দেখছে রেল।