


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাতের অন্ধকারে দোকানের শাটার কেটে দুর্ধর্ষ চুরি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। অত্যন্ত নিখুঁতভাবে লোহার শাটার কেটে দোকানের ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর দোকানের ভিতরে থাকা আলমারি ভেঙে সেখান থেকে প্রায় ৩০ গ্রাম সোনা ও এক কেজি রূপোর গহনা লুট করে তাঁরা। পাশাপাশি দোকানের ক্যাশ বাক্সে থাকা কয়েক হাজার টাকাও নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। চুরির পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলিও ভেঙে গুঁড়িয়ের দেওয়ার পাশাপাশি সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, আজ সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি নজরে আসে। তারপর দেরি না করে খবর দেওয়া হয় পুলিশকে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ায় দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্তকারীদের একটু সমস্যার মধ্যে পড়তে হয়। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।