


রাজগির: অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিক। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৪-৩ গোলে জয় ভারতের। তবুও কোচ ক্রেগ ফুলটনের চোখেমুখে একরাশ দুশ্চিন্তার ছাপ। কারণ, দুর্বল চীনের বাধা টপকাতে যেভাবে বেগ পেতে হল তাঁর দলকে তা রীতিমতো উদ্বেগের। বিশেষ করে, ডিফেন্সের পুরনো রোগ দ্রুত সারাতে না পারলে এই আসরে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব। সেক্ষেত্রে ধুয়েমুছে সাফ হয়ে যাবে আগামী বছর বিশ্বকাপে খেলার স্বপ্ন।
এশিয়া কাপের আয়োজক হিসেবে ঘরের মাঠে খেলছে ভারত। মনে করা হচ্ছিল, সেই সুবিধা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা চীনকে সহজেই উড়িয়ে দেবেন হরমনপ্রীতরা। কিন্তু সাম্প্রতিক অফ-ফর্ম এদিনও পিছু ছাড়ল না তাঁদের। আর তা কাজে লাগিয়ে ১২ মিনিটে শিহাও ডু’র গোলে লিড নেয় চীন। গোল হজমের পর টনক নড়ে টিম ইন্ডিয়ার। ১৮ মিনিটে যুগরাজ সিংয়ের গোলে সমতা ফেরায় দল। এরপর ২০ ও ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ৩-১ করেন হরমনপ্রীত। কিন্তু ভারতের ভঙ্গুর রক্ষণ কাজে লাগিয়ে তৃতীয় কোয়ার্টারেই সমতা ফেরায় চীন। ৩৫ মিনিটে বেনহাল চেন ও ৪১ মিনিটে জিয়েশেং গাওয়ের লক্ষ্যভেদে জমে যায় ম্যাচও। টানটান উত্তেজনায় শুরু হয় শেষ কোয়ার্টারের খেলা। এই পর্বে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক এবং দলের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত। মূল্যবান তিন পয়েন্ট পেলেও নিজেদের পারফরম্যান্সে খুশি নন স্বয়ং অধিনায়ক। ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। জয় পাওয়া জরুরি ছিল। তবে আমাদের খেলায় প্রচুর ভুলত্রুটি থেকে গিয়েছে। আশা করি, পরের ম্যাচে আরও সংঘবদ্ধ হকি উপহার দিতে পারব।’ কোচ ফুলটনও স্বীকার করে নিয়েছেন, রক্ষণভাগের দুর্বলতার কথা।
দিনের অপর ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও মালয়েশিয়া ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশকে। এছাড়া পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ৭-০ গোলে দুরমুশ করেছে চাইনিজ তাইপেকে।