


নয়াদিল্লি: রাজধানীর শীলামপুরায় ভেঙে পড়ল বহুতল। এই দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিস জানিয়েছে, দিল্লির ৫ নম্বর গলির জনতা কলোনিতে শনিবার ওই ঘটনা ঘটে। খবর পেয়েই এলাকায় পৌঁছে যায় দমকল। তারা জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে বের করে হাসপাতালে পাঠানো হয়। এরইমধ্যে দু’জনের দেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন, মতলুব (৫০) ও তাঁর স্ত্রী রিাবিয়া (৪৬)। পরে মৃত্যু হয় আরও ৪ জনের। দমকলের দাবি, পাঁচতলার ওই বাড়িতে ১০ জনের একটি পরিবার থাকত। নর্থ-ইস্ট জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা বলেন, ‘এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বিল্ডিং ভেঙে পড়ার খবর পাই। একই পরিবারের সাতজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিসের পাশাপাশি, এনডিআরএফ, দমকল ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের একজনের দাবি, দিন কয়েক আগে দিল্লিতে যে ভূকম্প হয়েছিল, তার জেরেই ওই বহুতল ভেঙে পড়ে। আগে থেকেই বহুতলটি নড়বড়ে ছিল। তারপর ভূকম্পে সেটি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং ভেঙে পড়ে। পুলিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে।