


বেঙ্গালুরু, ৫নভেম্বর: চোর বাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র চুরি করেছে তার জন্য মন খারাপ তো ছিলই। সেই মন খারাপ আরও বাড়িয়ে দিয়ে গিয়েছে দেশের হয়ে জেতা একাধিক দুর্মূল্য পদক চোর সঙ্গে করে চম্পট দেওয়ায়। ১৯৮০ হকি অলিম্পিকের সোনাজয়ী দলের অন্যতম সদস্য বেঙ্গালুরুর এম এম সোমায়া। সম্প্রতি তার বাড়িতে ঢুকে অলিম্পিকে সোনার পদকসহ দেশের হয়ে জেতা একাধিক পদক চুরি করে নিয়ে গেল চোরেরা। সপরিবার ৬৭ বছর বয়সী অলিম্পিয়ান গিয়েছিলেন কর্নাটকের কোডাগুতে। বাড়ি খালি ছিল। এই সুযোগেই চোর ঢোকে বাড়িতে। বাড়ির দরজা খোলা থাকায় সন্দেহ হয় এক প্রতিবেশীর। তারপরই সামনে আসে চুরির ঘটনা। এলাকার সিসিটিভিতে দেখা যায় মধ্যরাতে দুই চোর আসে বাড়িতে। এরপর চুরি করে চম্পট দেয় তারা। ১৯৮০ মস্কো অলিম্পিকের সোনার পদক ছাড়াও, ১৯৮২ সালের এশিয়ান গেমসের রূপোর পদক, ১৯৮২ সালের চ্যাম্পিয়নস ট্রফির ব্রোঞ্জ পদক এবং ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকও চুরি গেছে। দেশের সম্মান বহনকারী পদক ছাড়াও প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার টাকার জিনিস চুরি হয়েছে। যার মধ্যে রয়েছে সোনা, রূপোর বিভিন্ন জিনিস সহ ৩০ হাজার নগদ টাকা। ইতিমধ্যেই ইন্দিরা নগর পুলিশ তদন্ত শুরু করেছে। দুটি দল তৈরি করে চলছে তদন্ত। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।