


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফিট নন আপুইয়া। রবিবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাঁকে পাচ্ছেন না মোহন বাগান কোচ সের্গিও লেবেরা। একই দশা আলবার্তোর। স্প্যানিশ ডিফেন্ডারকে পাওয়ার আশা ক্ষীণ। তবু শনিবার সকালে তাঁকে আরও একদফা পরখ করতে চান সবুজ-মেরুন সারথি। তবে টিম ম্যানেজমেন্ট মোটেও আশাবাদী নয়। কে নেই তা নিয়েও ভাবতে নারাজ লোবেরা। বরং সুপার সানডেতে ৩ পয়েন্ট তুলে নেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট মোহনবাগানের। মাত্র ১ পয়েন্টে এগিয়ে মুম্বই সিটি। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে জনি কাউকোদের। মুম্বই পয়েন্ট খোয়ালে মোহন বাগানের লাভ। সেক্ষেত্রে নর্থ ইস্টকে বশ মানালেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবেন ম্যাকলারেনরা। কোচ লোবেরার মন্তব্য, ‘কোনো অজুহাতের জায়গা নেই। যে কোনও মূল্যে জিততেই হবে।’
গত ম্যাচে শেষ মুহূর্তে কামিংসের লক্ষ্যভেদে পাঞ্জাবকে হারায় মোহনবাগান। তিন ম্যাচ পর জয়ের সরণিতে ফিরে চাঙ্গা ম্যাকা, সাহালরা। কেরালাইট ফুটবলার পাঞ্জাবের বিরুদ্ধে পরিবর্ত হিসাবে মাঠে নেমে চিত্রনাট্য বদলে দিয়েছিলেন। তাঁকে কি এবার প্রথম একাদশে দেখা যাবে? দল নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন লোবেরা। আক্রমণাত্মক ফর্মেশনেই প্রতিপক্ষের উপর রোলার চালাতে চান তিনি। তবে ম্যাচের আগে সাবধানী মন্তব্য, ‘ঘরের মাঠে নর্থ ইস্টকে অবজ্ঞা করা উচিত নয়। চেনা পরিবেশে বেশ বিপজ্জনক ওরা।’ বিশেষজ্ঞদের ধারণা, এগিয়ে থেকেই মাঠে নামবে মোহনবাগান। প্রতিপক্ষ পেড্রো বেনালির নর্থ ইস্ট ৮ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট পেয়েছে। আপফ্রন্টে আলেদাইন আজারের না থাকাও ফ্যাক্টর। পক্ষান্তরে, এখনও পর্যন্ত ১৫টি গোল হজম করেছে ডিফেন্স। পরিসংখ্যান দেখে লিস্টনদের চোখ চকচক করা উচিত। বিপক্ষের জিতিন এমএস, পার্থিব গোগোইয়ের দৌড় থামাতে পারলেই অর্ধেক যুদ্ধ জিতে নেবেন লোবেরা।