


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাদ্রের তপ্ত দুপুর। আকাশে কাঠফাটা রোদ। আর তাঁর মধ্যেই আজ রবিবার বিকেল ৫টায় ডার্বির ছোঁয়ায় আরও উত্তপ্ত হয়ে উঠবে শহর কলকাতা। ডুরান্ড কাপ ফাইনালে শিরোপার জয়ের প্রত্যাশা নিয়ে আজ মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান। আর আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে জৌলুস বাড়াতে গ্যালারিতে উপস্থিত থাকবেন একাধিক হাই প্রোফাইল ভিআইপি। যার মধ্যে শীর্ষে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিকেল ৫টাতেই মুখ্যমন্ত্রীর যুবভারতীতে উপস্থিত হওয়ার কথা বলে সূত্রে খবর। ফলে রবিবার ডুরান্ড ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। রাজ্যে পালাবদলের পর এখনও পর্যন্ত একটি ডার্বির সাক্ষী থেকেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। আর আগের সেই ম্যাচে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
১৩৫তম ডুরান্ড কাপের ফাইনাল ঘিরে ইতিমধ্যেই কলকাতায় উত্তেজনার পারদ তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই মুখোমুখি হয়েছিল এই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল মোহনবাগান। এবার আজ ফাইনালের মঞ্চে সেই হারের বদলা নিয়ে শিরোপার স্বপ্নে পৌঁছনোর লক্ষ্যই ইস্ট বেঙ্গলের। আজকের এই ম্যাচ শুধু একটি ট্রফির লড়াই নয়, বরং কলকাতার ফুটবল আবেগ, সম্মান এবং ডার্বির মর্যাদার লড়াই। ফলে আজ যুবভারতীতে ফুটবলপ্রেমীরা সাক্ষী থাকবেন আরও এক অবিস্মরণীয় ডার্বির।