


হংকং: হংকংয়ের হাউজিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৮। নিখোঁজ অন্তত তিনশো জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গত বুধবার বিকেলে শহরের ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সের সাতটি টাওয়ারে আগুন লেগে যায়। চারটি টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাকি তিনটি টাওয়ারে আগুনের লেলিহান শিখা গতকাল, বৃহস্পতিবারও লক্ষ্য করা গিয়েছে। পুলিশ জানিয়েছে, উপরের দিকের তলাগুলিতে প্রবেশ করা যাচ্ছে না। সেখানে আবাসিকরা আটকে রয়েছেন। প্রচণ্ড ধোঁয়া এবং উত্তাপের জেরে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
এদিকে বৃহস্পতিবারই গাফিলতির দায়ে কমপ্লেক্সের নির্মাণকাজের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন ইঞ্জিনিয়ার ও দু’জন ডিরেক্টর। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই বিশাল কমপ্লেক্স নির্মাণের সময়েই এমন সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, যা দাহ্য। এছাড়া বেশ কয়েকটি টাওয়ারে নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের কাঠামো বাঁধা ছিল। একইসঙ্গে রং, তেল, কাঠ ইত্যাদি বহুতলে ছড়ানো ছিল। এরফলেই আগুন আরও তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১২৮ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন। হাসপাতালে অত্যন্ত সংকটজনক অবস্থায় ৪৫ জনের চিকিৎসা চলছে। গতকাল, ভোরে হংকং পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ১৯৪৮ সালের পর এই প্রথম শহরে কোনও দুর্ঘটনায় একসঙ্গে এতগুলি মানুষের প্রাণ গেল। এর আগে ১৯৯৬ সালের নভেম্বরে নোলুন জেলায় এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের বহুতলে আগুন লেগে ৪১ জন প্রাণ হারিয়েছিলেন।
হংকংয়ের নেতা জন লি বলেন, বহু মানুষ বিল্ডিংগুলির ভিতরে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার জোরকদমে চেষ্টা চলছে। যাঁরা হাসপাতালে ভর্তি তাঁদেরও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।