


ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখার ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ার সংকট নিরসনে এবার আরও ইতিবাচক ইঙ্গিত সামনে আসছে। মার্কিন নৌবাহিনী শীঘ্রই হরমুজ প্রণালী থেকে অবরোধ তুলে নিতে পারে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, এবিষয়ে বৃহস্পতিবার সমঝোতায় পৌঁছেছে ওয়াশিংটন ও ইরান। ফলে জ্বালানি সরবরাহ ফের স্বাভাবিক ছন্দে ফেরার বিষয়ে আশার আলো তৈরি হয়েছে। চীনও হরমুজ খুলে দিতে ইরানকে চাপ দিয়েছিল।
সূত্রকে উদ্ধৃত করে সৌদি আরবের একটি সরকারি চ্যানেলের রিপোর্টে দাবি, ইরান ধীরে ধীরে হরমুজ প্রণালী খুলে দেবে। আমেরিকাও পালটা তাদের অবরোধ প্রত্যাহার করবে। এবিষয়ে দু’পক্ষ সমঝোতায় পৌঁছেছে। হরমুজে আটকে থাকা জাহাজগুলি আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ফের যাত্রা শুরুর অনুমতি পেতে পারে। একদিন আগেই ওয়াশিংটনের তরফে এক পাতার একটি চুক্তিপত্রের কথা জানানো হয়েছিল। আমেরিকার দাবি ছিল, ৪৮ ঘণ্টায় ইরানের তরফে ইতিবাচক সাড়া মিলবে।