


নয়াদিল্লি: গাড়ি বা বাইক কাউকে বিক্রি করেছেন? রেজিস্ট্রেশন পরিবর্তন করেননি? অথবা এখনও সময় হয়ে ওঠেনি? প্রশ্নগুলির উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, সেক্ষেত্রে সাবধান। কারণ, আপনার জন্য বড়সড় সতর্কবার্তা জারি করল সুপ্রিম কোর্ট। হাতবদল হওয়ার পর কোনও দুর্ঘটনা ঘটলে, যাঁর নামে গাড়ির রেজিস্ট্রেশন তাঁকেই যাবতীয় ক্ষতিপূরণ (থার্ড পার্টি লস) দিতে হবে। সোমবার এক মামলার শুনানিতে এমনই নির্দেশ বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চের।
একটি দুর্ঘটনার মামলায় পণ্যবাহী গাড়ির চালককে দোষী সাব্যস্ত করেছিল ছত্তিশগড় হাইকোর্ট। বলা হয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীদের মৃত্যু ও আহত হওয়ার জন্য গাড়ির চালকই দায়ী। তাঁকেই ক্ষতিপূরণ দিতে হবে। কারণ মালিকের সঙ্গে চুক্তির ভিত্তিতে চালক গাড়িটি নিয়ে চালাচ্ছিল। ওই গাড়ির মালিকানা বদল হলেও রেজিস্ট্রেশন পরিবর্তন ছিল না। সেই যুক্তিতেই বিমাকারী সংস্থা দায় ঝেড়ে ফেলে জানায়, ওই গাড়িতে যাত্রীরা বিনামূল্যে ভ্রমণ করছিলেন। পাশাপাশি, গাড়িটির মালিকানাও বদল হয়েছে। ফলে পুরনো পলিসি এক্ষেত্রে কার্যকরী হবে না। সুতরাং তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই নেই। হাইকোর্টের রায়কে খারিজ করে বিমাকারী সংস্থার বক্তব্যও নাকচ করে দেন বিচারপতি চন্দ্রন। বলা হয়, মোটর ভেহিক্যাল আইনের ১৪৭ (১) (বি) (আই) ধারা উপেক্ষা করে ভুল করেছে হাইকোর্ট। এই ধারা অনুযায়ী, তৃতীয় পক্ষের কারও মৃত্যু বা শারীরিক আঘাতের ক্ষেত্রে গাড়ির মালিক বা তাঁর অনুমোদিত কোনও ব্যক্তি গাড়ি চালালে বিমাকারীকেই ক্ষতিপূরণ দিতে হবে।