


নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: বড় আসরে গুরুত্বপূর্ণ সময়ে মুখ থুবড়ে পড়ার রোগ বহুদিন ভুগিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হেরেই খেতাব হাতছাড়া হয়েছিল ম্যান্ডেলার দেশের। কিন্তু সময় বদলেছে। চাকা ঘুরেছে কালের নিয়মে। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ‘চোকার্স’ তকমা ঘুচেছে। ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে নামার আগে সাংবাদিক সম্মেলনে ডি’কক বললেন, ‘অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে টেস্টে বিশ্বসেরা হওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে পারিনি। আমি তখন আমেরিকায় ছিলাম। তবে ওই সাফল্য আমাদের সম্পর্কে ধারণা অনেক বদলে দিয়েছে। আর ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে হারের স্মৃতি মাথাতেই রাখছি না। তা নিয়ে আর কখনও আলোচনাই হয়নি। কারণ, সামনে এগিয়ে চলার ক্ষেত্রে এগুলোই হয়ে ওঠে প্রতিবন্ধকতা।’
এবারের বিশ্বকাপে এখনও কোনও ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। তাই ভারতের বিরুদ্ধে নামার আগে প্রচণ্ড আত্মবিশ্বাসী প্রোটিয়া বাহিনী। গ্রুপ পর্বে চারটের মধ্যে তারা তিনটি ম্যাচ খেলেছে মোতেরা স্টেডিয়ামে। সেই সুবিধা তারা কাজে লাগাতে চাইছে। ডি’ককের কথায়, ‘অবশ্যই এটা আমাদের কাছে ইতিবাচক। আমরা জানি এখানে বল কতটা ঘুরবে বা শিশির পড়লে কী করতে হবে। সেই মতোই আমরা প্রস্তুতি নিয়েছি।’ ক্যাপ্টেন মার্করামেরও ভূয়সী প্রশংসা শোনা গেল বাঁহাতি ওপেনারের কণ্ঠে। ডি’কক বললেন, ‘ব্যাটে-বলে মার্করাম দুর্দান্ত ফর্মে। ওর সঙ্গে ওপেন করতে নামলে চাপটা বোঝা যায় না।’