


ঢাকা: বাধ্য হয়েই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বহুদিন ধরেই হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লির কাছে দরবার করে আসছে বাংলাদেশ। এদিন অনুষ্ঠানের মাঝেই হাসিনাকে কবে প্রত্যর্পণ করা হবে, তা জানতে চান এক পড়ুয়া। জবাবে দীনেশ বলেন, ‘প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কবে প্রত্যর্পণ করা হবে, এই নিয়ে কোনো সময়সীমা দিতে পারে না ভারত।’ দীনেশের এদিনের বক্তব্যে বিতর্কেরও অবকাশ রয়েছে। এতদিন বাংলাদেশ দাবি করে এসেছিল, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দেশ ছাড়েন হাসিনা। আর কোন পরিস্থিতিতে হাসিনাকে দিল্লি আশ্রয় দিতে বাধ্য হল, তা জানাতে গিয়ে দীনেশ বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার সময়ও প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা। তাই তাঁকে দিল্লিতে নামতে দেওয়া ছাড়া ভারতের কাছে আর কোনো বিকল্প ছিল না। ভারত যদি হাসিনাকে আশ্রয় না দিত, তবে পরিস্থিতি অন্যরকম হতে পারত।