


নয়াদল্লি: মাঝে মাত্র তিনটি বছর। এরমধ্যেই পঞ্চম থেকে চতুর্থ অর্থনীতির দেশ হয়ে উঠল ভারত। ২০২২ সালে ব্রিটেনকে টপকে ভারত পঞ্চম অর্থনীতি হয়েছিল। এবার বর্ষশেষে সুখবর শোনাল কেন্দ্র। দিল্লির দাবি অনুযায়ী, জাপানকে টপকে চতুর্থ অর্থনীতি হয়ে উঠেছে ভারত। সোমবার কেন্দ্রের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ‘ভারতের জিডিপির আয়তন ৪.১৮ লক্ষ কোটি ডলার। জাপানকে পিছনে ফেলে এখন চতুর্থ অর্থনীতির দেশ এখন ভারত। এই হারে উন্নয়নের ধারা বজায় থাকলে দু-আড়াই বছরের মধ্যে জার্মানিকে টপকে তৃতীয় স্থানে উঠে আসবে দিল্লি। ২০৩০ সালের মধ্যে ভারতের জিডিপি দাঁড়াবে ৭.৩ লক্ষ কোটি ডলার।’ আন্তর্জাতিক অর্থভাণ্ডার (আইএমএফ) আর্থিক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালেই জাপানকে টপকে যাবে ভারত। কেন্দ্রের পক্ষ থেকে অবশ্য তার আগেই সাফল্যের কথা জানানো হল।
এব্যাপারে কেন্দ্রীয় সরকার যতই বড়াই করুক, আলোর নীচে অন্ধকার চেপে রাখা যাচ্ছে না। ভারতের অর্থনীতির আয়তন যতই বাড়ুক, তা দেশের মানুষের কোনও কাজে আসছে না। বিশ্বব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, ভারতের মাথাপিছু আয় ২ হাজার ৬৯৪ ডলার। সেখানে জাপানের মাথাপিছু আয় প্রায় ১২ গুণ— ৩২ হাজার ৪৮৭ ডলার। আর যে জার্মানিকে হটিয়ে তৃতীয় হওয়ার স্বপ্নে বিভোর মোদি সরকার, তার মাথাপিছু আয় ২০ গুণ, ৫৬ হাজার ১০৩ ডলার। এই হিসেবে বহু পিছিয়ে ভারত। তার উপর আয় ও সম্পত্তির বৈষম্যও বিপুল।