


বেলফাস্ট: প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়া ঝুঁকিপূর্ণ। এই আপ্তবাক্য হাড়ে হাড়ে টের পেল ভারত। শুক্রবার কার্যত অঘটন ঘটল বেলফাস্টে। আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা আয়ারল্যান্ডের কাছে গোহারা হারল বিশ্বসেরা ভারত। প্রতিপক্ষের ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৮ রানে অলআউট হয়ে গেল শ্রেয়স আইয়ার বাহিনী।
আয়ারল্যান্ড সফরে এসেছে ভারতীয় দল। টি-২০ দলের নেতৃত্বভার কাঁধে নেওয়ার পরে এটি প্রথম ম্যাচ শ্রেয়স আইয়ারের। শুরুতেই ধাক্কা। ক্রিকেটের মাঠে এই প্রথম যে কোনো ফরম্যাটে ভারতীয়দের বশ মানাল আইরিশরা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আয়ারল্যান্ড। ৫১ রানে ৪ উইকেট হারায় তারা। এই পরিস্থিতিতে হার ধরেন অধিনায়ক লরক্যান। ৩৬ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ৩২ রানে ৪৯ রান করেন ডেলানি। যার দৌলতে ৯ উইকেটে ১৮২ রান তোলে আইরিশরা।
টি-২০ ফরম্যাটে ১৮৩ রানের টার্গেট মোটেই কঠিন নয়। মনে করা হয়েছিল খুব সহজেই এই লক্ষ্য পূরণ করবে ভারতীয় দল। কিন্তু হল উলটো। শুরু থেকেই একের পর এক উইকেট হারানোয় ক্রমশ চাপ বাড়তে ভারতের উপরে। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই মাত্র ১৪৮ রানে আত্মসমর্পণ করল শ্রেয়স বাহিনী। ৩৪ রানে ম্যাচ জিতে নজির সৃষ্টি করল আয়ারল্যান্ড।