


ব্রিস্টল: টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পর কোনো ম্যাচ জেতেননি শ্রেয়স আয়ার। আইপিএলে পাঞ্জাব কিংসের শেষ কয়েকটা ম্যাচ ধরলে ক্যাপ্টেন হিসেবে গত ১১টা ম্যাচের ১০টিতেই হেরেছেন তিনি। এরমধ্যে আয়ারল্যান্ডের কার্যত ‘বি’ দলের বিরুদ্ধে যেমন ০-২ হোয়াইটওয়াশ রয়েছে, তেমনই আছে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ০-২ পিছিয়ে পড়াও। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চার মাসের মধ্যে ভারত যেভাবে কুড়ি ওভারের ঘরানায় দুরমুশ হচ্ছে, তা উদ্বেগের। এই আবহেই বৃহস্পতিবার হ্যারি ব্রুকের দলের বিরুদ্ধে চতুর্থ ম্যাচে নামবে ভারত। বাকি আর দু’টি টি-২০, ফলে শ্রেয়স ব্রিগেডের সিরিজ জেতা অসম্ভব। বড়জোর ড্র হতে পারে। কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভারতীয় দলকে ছন্নছাড়া দেখাচ্ছে। উল্লেখ্য, ২০১৮-১৯ মরশুমে শেষবার কুড়ি ওভারের ফরম্যাটে টানা দুটো সিরিজ হেরেছিল ভারত। লজ্জার সেই পরিসংখ্যান উঁকি দিচ্ছে এবার।
মঙ্গলবার ট্রেন্টব্রিজে ২০২ রানের টার্গেটের সামনে ল্যাজেগোবরে দশা হয়েছে ভারতের। ১১.৪ ওভারে মাত্র ৭৬ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। জশ টংয়ের গতির সামনে দিশাহারা ব্যাটাররা। বিস্ময় কিশোর বৈভব সূর্যবংশী দুই ইনিংসে মাত্র সাতটা স্কোরিং শট খেলেছে। তারমধ্যে চারটি ছক্কা ও তিনটি সিঙ্গলস। ঈশান কিষান, তিলক ভার্মা, ক্যাপ্টেন শ্রেয়স— কাউকেই আত্মবিশ্বাসী দেখায়নি। এই আবহে সঞ্জু স্যামসনের এগারোয় ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এদিকে, ৫৪তম জন্মদিনে আইসিসি’র ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হলেন সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি। তালিকায় তিনি ১২তম ভারতীয়। এরজন্য আইসিসি’কে ধন্যবাদ জানান প্রাক্তন জাতীয় অধিনায়ক।
খেলা শুরু রাত ১০টায়।
সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।