


নয়াদিল্লি: আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৭.১ শতাংশ। বুধবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে এস অ্যান্ড পি গ্লোবাল রেটিংস। তাদের বক্তব্য, ২০২৬-২৭ অর্থবর্ষে সাধারণ মানুষের জিনিসপত্র কেনার প্রবণতা, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির হাত ধরে আর্থিক বৃদ্ধি ইতিবাচক থাকবে। কিন্তু, পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ধাক্কা খেতে পারে দেশের অর্থনীতি।
এদিন চলতি ত্রৈমাসিকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে এস অ্যান্ড পি। তাদের মতে, ভূরাজনৈতিক সংঘাত ও বাণিজ্য সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সমস্যার মুখে পড়তে পারে ভারত। সেক্ষেত্রে জিনিসপত্রের দামবৃদ্ধি, নগদের জোগানে টান ও সার্বিক বাণিজ্য নেতিবাচক প্রভাবে আশঙ্কা রয়েছে। ওই আন্তর্জাতিক সমীক্ষক সংস্থা জানিয়েছে, ২০২৬ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে ৭.৬ শতাংশ। সেই তুলনায় ২০২৭ সালের মার্চ
মাসে শেষ হওয়া অর্থবর্ষে এই হার হবে ৭.১ শতাংশ। পাশাপাশি, আগামী অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার বেড়ে হতে পারে ৪.৩ শতাংশ।