


তেহরান, ২১ মার্চ: ফের টার্গেট নাতানজ! ইরানের এই পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা বর্ষণ করল আমেরিকা। এই অভিযানে তাদের সঙ্গী ইজরায়েল। শনিবার এমনই দাবি করেছে তেহরান। যদিও এখান থেকে কোনও তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে জানা গিয়েছে।
তেহরান ও ইসফাহানের মাঝামাঝি অবস্থিত নাতানজ। এটি ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। অনতিদূরে আবাসিক অঞ্চল। এর আগে অন্তত দু’বার নাতানজে বোমা বর্ষণ করে শত্রু পক্ষ। শেষবার হামলার ঘটনা ঘটে গত ২৮ ফেব্রুয়ারি। চলতি যুদ্ধের শুরুর দিকে। তখন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, আমেরিকা ও ইজরায়েলের বোমাবর্ষণের ফলে সেখানে ক্ষতিগ্রস্ত হলেও তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি।
গত বছরের জুনে ‘মিডনাইট হ্যামার’ অভিযানে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে বোমা বর্ষণ করেছিল আমেরিকা। তালিকায় ছিল নাতানজও।