


তেহরান: ইরানের বিরুদ্ধে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে ফুটবল বিশ্বকাপেও। গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, নিরাপত্তার খাতিরে ইরানের ফুটবলারদের বিশ্বকাপ খেলতে না আসাই উচিত। এরপরই নড়েচড়ে বসেছে ইরান ফুটবল সংস্থা। ফিফার সঙ্গে আলোচনায় তারা জানিয়েছে আমেরিকায় নয়, মেক্সিকোতে মেগা আসরের ম্যাচগুলি খেলতে চায় ইরান। ফুটবলারদের নিরাপত্তা ইস্যুতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইরান ফুটবল সংস্থার সভাপতি মেহদি তাজ। এই বিষয়ে ফিফা কোনও প্রতিক্রিয়া জানায়নি।
সম্প্রতি ইরানের ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকায় গিয়ে ইরানের ফুটবল খেলা অসম্ভব। তারপর ট্রাম্পের হুমকি পরিস্থিতি আরও জটিল করেছে। এবার মেক্সিকোয় অবস্থিত ইরানের দূতাবাসের এক্স হ্যান্ডলে ফুটবল সংস্থার প্রধান মেহদি তাজ জানিয়েছেন, ‘ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। তাই আমেরিকায় যাওয়ার কোনও প্রশ্নই নেই। ফিফার কাছে আবেদন করেছি, মেক্সিকোতে আমাদের ম্যাচ আয়োজনের জন্য।’ উল্লেখ্য, আগামী ১১ জুন বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে চলেছে। সূচি অনুযায়ী, ইরানের প্রথম দু’টি ম্যাচ খেলার কথা আমেরিকার লস এঞ্জেলস ও সিয়াটেলে। এখন ফিফা কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।