


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বল পায়ে মোহন বাগান অনুশীলনে লি আরউইন। ছুটি কাটিয়ে মঙ্গলবার বিকেলে ঘরের মাঠে অনুশীলন শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। সেখানেই দলের সঙ্গে যোগ দিলেন স্কটিশ স্ট্রাইকার। গোটা দলের সঙ্গে পরিচয় পর্ব সেরে প্র্যাকটিসে মন দিলেন তিনি। প্রথম দিনেই বেশ চনমনে দেখাল আরউইনকে। তবে ম্যাচ ফিট হতে এখনও ঘাম ঝরাতে হবে মোহনবাগানের ষষ্ঠ বিদেশিকে। উল্লেখ্য, জর্ডন প্রো লিগে আল ফয়সালির হয়ে গত ফেব্রুয়ারিতে শেষ ম্যাচ খেলেছেন আরউইন। শিল্ডের আগে ফিট হওয়ার চ্যালেঞ্জ তাঁর সামনে।
এদিনের অনুশীলনে বিশাল কাইথ ছাড়া সকলেই উপস্থিত ছিলেন। খোঁজ নিয়ে জানা গেল, সবুজ-মেরুন গোলরক্ষকের চোখের সংক্রমণ এখনও কমেনি। তাছাড়া কাঁধেও চোট রয়েছে তাঁর। তাই বিশ্রামে আছেন তারকা গোলরক্ষক। এছাড়া রিহ্যাব সারলেন ড্রাজিচ। ডুরান্ড কাপের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। কলকাতা লিগের ম্যাচে সামান্য চোট লেগেছিল সুহেল ভাটের। এদিন পায়ে বরফ বেঁধে বিশ্রাম নিলেন তিনি। বাকিরা জোরকদমে মহড়া সারলেন।