


চণ্ডীগড়: পুলিশ কর্মীদের খুন করতে তিন যুবককে ‘ভাড়া’ করেছিল আইএসআই! পাঞ্জাবে গুরুদাসপুরে ২ পুলিশ কর্মী খুনের ঘটনায় এমনটাই দাবি পুলিশের। গত রবিবার পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার দূরে আদিয়ান গ্রামের একটি চেকপোস্টে উদ্ধার হয় দুই পুলিশ কর্মীর দেহ। গুলি করে খুন করা হয়েছিল এএসআই গুরনাম সিং ও হোমগার্ড অশোক কুমারকে। সেই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে অন্য একজনের। পলাতক আরও এক অভিযুক্ত। ডিআইজি (বর্ডার রেঞ্জ) সন্দীপ গোয়েল বলেছেন, ‘আইএসআইয়ের নির্দেশেই হামলা চালিয়েছে অভিযুক্তরা। প্রত্যেকেই স্থানীয় গ্রামবাসী। পুলিশ কর্মীদের খুনের আগে রীতিমতো রেইকি করা করা হয়।’ এক আধিকারিক জানিয়েছেন, খুনের জন্য অভিযুক্তদের ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সরপঞ্চ কমলজিৎ সিংই প্রথম ওই দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখেন। গুরনাম চেয়ারে বসেছিলেন। হাত দুটি ছিল পকেটের ভিতরে ঢোকানো। অশোকের দেহ পড়ে ছিল একটি খাটিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত রঞ্জিত সিং (১৯), ইন্দ্রজিৎ সিং (২১) আধিয়ান গ্রামের বাসিন্দা। দিলওয়ার সিং (১৯) নামের অন্য অভিযুক্তের বাড়ি অলিনাঙ্গাল গ্রামে। ঘটনার পরদিনই একটি ভিডিয়ো পোস্ট করে পাকিস্তানের এক গ্যাংস্টার। সেখানে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে দুই পুলিশকর্মীকে খুনের দৃশ্য দেখা যাচ্ছে। শেহজাদ ভাট্টি নামের ওই দুষ্কৃতী দাবি করেছে, সে তেহরিক-ই-তালিবান হিন্দুস্তান সংগঠনের অংশ। খুনের দায় স্বীকারও করেছে সংগঠনটি।