


বেইরুট: গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। তারপর থেকেই পালটা জবাব দিচ্ছে ইরানও। তাদের পাশে দাঁড়িয়ে ইজরায়েলকে নিশানা করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাও। তারাও একইভাবে ইজরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। তেল আভিভও বেইরুট সহ লেবাননের বিভিন্ন অংশে লাগাতার আক্রমণ শানাচ্ছে। এরইমধ্যে এবার লেবাননবাসীর মগজধোলাইয়ের রাস্তা নিল ইজরায়েল! ইরানের মদতপুষ্ঠ হিজবুল্লাকে প্রতিহত করতে ইজরায়েলি সেনা এব্যাপারে চেষ্টা শুরু করেছে বলে খবর। শনিবার যুদ্ধবিমান থেকে লেবাননের রাজধানী বেইরুটে লিফলেট ফেলে ইজরায়েলি সেনা। এএফপির এক সাংবাদিক জানান, প্রথমে আকাশে বিকট আওয়াজ শোনা যায়। প্রথমে সকলেই ভেবেছিলেন এয়ারস্ট্রাইক হতে চলেছে। তবে তারপরই বেইরুট শহরের উপর লিফলেট উড়তে শুরু করে। কী লেখা আছে ওই লিফলেটে?
সেখানে রয়েছে লেবাননবাসীর উদ্দেশে বার্তা। সেখানে লেখা, ‘আপনাদের হিজবুল্লা এবং ইরানের কবল থেকে বেরোতে হবে। লেবাননের কী হবে সেটা আপনাদের সিদ্ধান্ত। অন্য কারও নয়।’ বেইরুটের পাশাপাশি ভারদুন, হামরা এবং আইন আল-ম্রেইশে শহরেও ওই লিফলেট ফেলা হয়। লিফলেটে একটি কিউআর কোডও রয়েছে। তার সঙ্গে লেখা, ‘ইউনিট ৫০৪ লেবানন ও সেখানকার বাসিন্দাদের ভবিষ্যৎ নিরাপদ করতে উদ্যোগ নেবে।’ প্রসঙ্গত, ইউনিট ৫০৪ ইজরায়েলি সেনার গোয়েন্দা বিভাগ।
লেবাননের সেনাবাহিনী ওই কিউআর কোড স্ক্যান না করার জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছে। বলা হচ্ছে, এটি ইজরায়েলি সেনার বিশেষ কৌশল হতে পারে। স্ক্যানের মাধ্যমেই লেবাননবাসীর মোবাইল ফোন হ্যাক করা হতে পারে বলেও তারা সতর্ক করে দেওয়া হয়েছে। ইরানের ছড়ানো লিফলেট।