


বেইরুট: ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। সংঘাতে ইরানের পাশে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। শত্রুপক্ষকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তারা। পালটা জবাব দিচ্ছে ইজরায়েলও। হিজবুল্লার বিরুদ্ধে ইজরায়েলি সেনার অভিযানে গৃহহীন লেবাননের ৩ লক্ষ ৭০ হাজারের বেশি শিশু। এই পরিসংখ্যান যুদ্ধ শুরুর প্রথম তিন সপ্তাহের। শুক্রবার এমনটাই জানিয়েছেন রাষ্ট্রংসঘের আধিকারিকরা।
লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি কোর্সি জানান, প্রতিদিন গড়ে ১৯ হাজার শিশু আশ্রয় হারাচ্ছে। বিভিন্ন অঞ্চলে স্কুলগুলিকে আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর জেরে স্কুলে পঠনপাঠন বন্ধ। এতে প্রায় দেড় লক্ষ পড়ুয়া পড়াশোনার সুযোগ পাচ্ছে না। কোর্সির কথায়, ‘লেবাননের শিশুরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। পরিস্থিতি হৃদয়বিদারক। তাদের জন্য কোনো আশ্রয় সুরক্ষিত নয়।’
এদিকে ইরানের প্রাথমিক স্কুলে হামলার ঘটনায় আমেরিকাকে দ্রুত তদন্ত শেষ করতে বলল রাষ্ট্রসংঘ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের যৌথ সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা-ইজরায়েল। সংঘাতের প্রথম দিনে ক্ষেপণাস্ত্র হানায় বিধ্বস্ত হয় ইরানের মিনাব শহরের একটি স্কুল। প্রাণ হারায় ১১০ শিশু সহ ১৬৮ জন। শুরু থেকেই এই হামলার জন্য ওয়াশিংটনের দিকে আঙুল তুলেছে তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে স্কুলে হামলা চালায় আমেরিকা। এবার ট্রাম্পের দেশকে তদন্ত রিপোর্ট প্রকাশ করতে বললেন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ক। শুক্রবার তিনি বলেন, ‘যুদ্ধে সাধারণ মানুষের সবথেকে বেশি ক্ষতি হয়। ধ্বংসস্তূপে পরিণত ক্লাসরুম আর অভিভাবকদের হাহাকার তার অন্যতম প্রমাণ। এক্ষেত্রে যাবতীয় দায়িত্বে বর্তায় হামলাকারীদের উপর। তাদের নিরপেক্ষ, স্বচ্ছ তদন্ত করা উচিত।