


বারগামো: চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তবে অতীতের সেই গরিমা এখন ধূসর। শেষ দু’টি বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি আজ্জুরিরা। এবারও সরাসরি টিকিট পায়নি তারা। খেলতে হচ্ছে প্লে-অফে। এই পর্বে বৃহস্পতিবার দেশের মাটি বারগামোতে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। হারলে আরও একবার স্বপ্নভঙ্গ। সেই সঙ্গে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন হয়ে পরপর তিনবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার লজ্জার রেকর্ড গড়বেন ডোনারুমারা। তাই সতর্ক কোচ জেনারো গাত্তুসো। তবে এই ম্যাচ জিতলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে না। ফাইনালে ওয়েলস বা বসনিয়ার বিরুদ্ধে খেলতে হবে।
শক্তির নিরিখে অবশ্য নর্দান আয়ারল্যান্ডের থেকে কয়েক যোজন এগিয়ে ইতালি। পরিসংখ্যানও আজ্জুরিদের পক্ষে। শেষ সাতবার ইতালি সফরে এসে সবক’টি ম্যাচেই হেরেছে নর্দান আয়ারল্যান্ড। শেষবার পাওলো মালদিনিদের দেশে তারা জয় পেয়েছিল ১৯৬১ সালে। তবে দলে একাধিক চোট সমস্যা চিন্তায় ফেলেছে ২০০৬ বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য তথা ইতালির বর্তমান কোচ গাত্তুসোকে। ডি লরেঞ্জো, স্ক্যামাকারা ছিটকে গিয়েছেন। চোটের কারণে বাদ পড়েছেন ফেডেরিকো চিয়েসাও। আক্রমণভাগে অবশ্য ভরসা জোগাচ্ছেন মাতেও রেতেগুই, পিও এস্পোসিতো, কিনরা। মাঝমাঠে আছেন বারেল্লা, লোকোতেল্লিরা। আলাদা করে উল্লেখ করতে হবে গোলরক্ষক ডোনারুমারও। সেইসঙ্গে দেশের মাটিতে খেলার অ্যাডভান্টেজ তো থাকছেই। পক্ষান্তরে, ২০১৮ সালে বিশ্বকাপ খেলার আশা জাগিয়েছিল নর্দান আয়ারল্যান্ড। তবে প্লে-অফে সুইৎজারল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়। তাই এবার নার্ভাস ইতালির বিরুদ্ধে জান লড়াতে তৈরি ব্রাউন, চার্লসরা।
এদিকে, প্লে-অফের অন্য ম্যাচে বসনিয়ার বিরুদ্ধে খেলবে ওয়েলস। ডেনমার্ক নামবে নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে। অপর ম্যাচগুলিতে মুখোমুখি হবে ইউক্রেন-সুইডেন, চেকিয়া-আয়ারল্যান্ড, স্লোভাকিয়া-কসোভো, পোল্যান্ড-আলবেনিয়া এবং তুরস্ক-রোমানিয়া।
ইতালি-নর্দান আয়ারল্যান্ড ম্যাচ শুরু রাত ১-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।