


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০৩০ সালের মধ্যে হোটেলের সংখ্যা ২২০টিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখল আইটিসি। রুম সংখ্যা ছাড়াতে পারে ২০ হাজার। সোমবার আইটিসি হোটেলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান সঞ্জীব পুরি বলেন, বিশ্বে প্রতি এক হাজার নাগরিক পিছু ২.২টি হোটেল রুম রয়েছে। ভারতে সেই সংখ্যা ০.৩। অর্থাৎ এদেশে হোটেল ও আতিথেয়তা ব্যবসার এখনও অনেক সুযোগ রয়ে গিয়েছে। তিনি জানিয়েছেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি, প্রযুক্তি উন্নয়ন, মানুষের বেড়ানোর চাহিদা বৃদ্ধি, কাজের বহর বেড়ে যাওয়া, উন্নত পরিকাঠামো বা সুষ্ঠু নীতি প্রণয়ণের মতো বিষয়গুলি হোটেল ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মানুষ বিলাসবহুল ও উন্নততর আতিথেয়তা চাইছেন। সেই কারণেই অপেক্ষাকৃত ছোট শহরেও তাঁরা হোটেল ব্যবসা চালু করেছেন বলে জানিয়েছেন সঞ্জীব পুরি। তাঁর কথায়, হোটেল ব্যবসা থেকে তাঁদের আয় ৩ হাজার ৩০০ কোটি টাকায় পৌঁছেছে। এদেশে এসে বিদেশি পর্যটকদের পর্যটনে খরচের পরিমাণ রেকর্ড করেছে ২০২৪ সালে। তা ছুঁয়েছে ৩.১ লক্ষ কোটি টাকা। দেশীয় পর্যটকদের ক্ষেত্রে সেই অঙ্ক ১৫.৫ লক্ষ কোটি। তা করোনাকালের আগের তুলনায় বেড়েছে ২২ শতাংশ। চেয়ারম্যানের আশা, ২০৩০ সালের মধ্যে দেশের ডিজিপির ১০ শতাংশ আসবে পর্যটন ব্যবসা থেকে।