


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সূর্যের আলো ফোটার আগেই উত্তপ্ত জলপাইগুড়ি। ভোর প্রায় সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, এদিন ভোরবেলা কিছু দুষ্কৃতী এসে কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বাড়ির একাধিক জানালার কাঁচে ঢিল মারে তাঁরা। এরপর কাঁচ ভেঙে যাওয়ার পর গুলি চালানো হয় বলে অভিযোগ। কাউন্সিলারের দাবি, বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ জানান, নতুন করে পুরসভার বোর্ড গঠনের চেষ্টায় বাঁধা দিতেই এই কাজ করানো হয়েছে। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। কেন বা কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।