


রাঁচি, ২৯ অক্টোবর: কাজের জন্য পারি দিয়েছিলেন মরুশহরে। কিন্তু বোনের বিয়েতে বাড়ি ফিরে আসার বদলে তাঁর ঠাঁই হল কারাগারে। যুবকের নাম শশী কুমার পাসওয়ান (২৩)। তিনি ঝাড়খণ্ডের দাদরা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালে শশী কাজের জন্য সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছিল। সেখানে তিনি একটি বেসরকারি কোম্পানিতে চুক্তিভিত্তিক কর্মীর পদে ছিলেন। বোনের বিয়ের জন্য বাড়ি ফিরতে চেয়েছিল ওই যুবক। কোম্পানিকে না জানিয়ে বাড়ি ফিরে আসার চেষ্টা করেছিল। অবৈধ ভাবে দেশে ফেরার জন্য সে এক দালালকে টাকা দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। বাড়ি ফেরার বদলে তাঁর জায়গা হয়েছে দুবাইয়ের কারাগারে। সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শশী আশ্বাস দিয়েছিল সে শীঘ্রই জেল থেকে বেরিয়ে আসবে। কিন্তু দীর্ঘ ৪ মাস ধরে শশী দুবাইয়ের আল রাশিদিয়া জেলে বন্দি। তাঁর বাবা বলেন, এখনও ছেলে ছাড়া পায়নি। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
পালামুর থানার পুলিশ সুপার জানিয়েছেন, শশী বাড়ি ফেরার জন্য কোম্পানিকে জানায়নি। টানা সাতদিন কাজে যায়নি। অবৈধ ভাবে দালালকে ধরে বাড়ি ফিরতে চেয়েছিল। সেই অভিযোগে সে জেলে রয়েছে। তাঁকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে হুসেনাবাদ থানায় আবেদন জানানো হয়েছে।