


সংবাদদাতা, রামপুরহাট: গতকাল ভোররাতে ভয়াবহ আগুন লেগেছিল তারাপীঠের একটি পাঁচতলা হোটেলে। ঝলসে-দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জন পুণ্যার্থীর। এছাড়া কয়েকজনের এখনো কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। যার জেরে বাড়ছে আশঙ্কা। অভিশপ্ত ওই হোটেলের পাশে একটি পুকুর আছে। আগুন লাগার সময় কেউ কেউ প্রাণ বাঁচাতে সেখানে ঝাঁপ দিতে পারেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যে কারণে আজ, মঙ্গলবার ভোর থেকে পুকুরে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি।
এদিকে অভিশপ্ত হোটেলের মালিক প্রবীর পাল ও তাঁর ছেলে কল্যাণকে পুলিশ গ্রেপ্তার করেছে। অগ্নিকাণ্ডের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তাঁরা। আজ তাঁদের রামপুরহাট আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
অভিশপ্ত হোটেলের ফায়ার এগজিট এবং ছাদে ওঠার পথ বন্ধ ছিল বলে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে। সুরক্ষাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, দেখা হচ্ছে। আজ দুপুরে জেলা প্রশাসনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে।