


ঠান্ডা আবহাওয়ায় কেন হার্ট অ্যাটাক বেশি হয়? হাইপারটেনশনের ওষুধের মাত্রা শীতে কেন বাড়ানোর প্রয়োজন? জানালেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ তরুণ প্রহরাজ।
আবহাওয়ার সঙ্গে অসুখের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে নতুন নয়।শীতে প্রকোপ বাড়ে এমন নানা রোগ নিয়েই আমাদের ঘর-সংসার।তবে যেসব রোগের ক্ষেত্রে শীতে বাড়তি সতর্কতা প্রয়োজন, তাদের অন্যতম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়েন উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা রোগীরা।শীতে এই ধরনের রোগীদের জন্য কিছু সতর্কতাও রয়েছে।তবে তার আগে জানা প্রয়োজন কেন এমন হয়?
নেপথ্য কারণ
শীতল তাপমাত্রার সংস্পর্শে এলে মানবদেহের তাপমাত্রাও কমে। ফলে শরীরের অভ্যন্তরীন রক্তনালি, শিরা ও ধমনী সংকুচিত হয়।ফলে শারীরবৃত্তীয় কাজ সারতে, রক্ত সঞ্চালন ঠিক রাখতে ও সারা শরীরে রক্তপ্রবাহ বজায় রাখতে শিরা ও ধমনীকে বাড়তি কাজ করতে হয়। তাই রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে।বয়স পঞ্চাশ পেরলেই এই সমস্যা বেশি দেখা যায়। বহু রোগীই সারাবছররেীতিনিয়ম মেনে চললেও শীতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। তার নেপথ্য কারণ অনেকসময়ই নিজেদের অজান্তে হঠাৎই রক্তচাপ বেড়ে যাওয়া। তাই কিছু বিষয়ে খেয়াল রাখলে তবেই এই সমস্যা থেকে দূরে থাকা যাবে।
প্রতিরোধের উপায়
• বাড়িতে রক্তচাপ মাপার যন্ত্র রাখতে হবে। নিয়ম করে সপ্তাহে তিন-চারদিন রক্তচাপ মাপতে হবে। খেয়াল রাখতে হবে রক্তচাপ বাড়ছে কি না। যাঁরা ক্রনিক হাইপারটেনশনের রোগী, তাঁরা অবশ্যই শীত পড়লেই রক্তচাপের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। ওষুধের মাত্রা অনেক সময় বাড়াতে হতে পারে।
• শীচপোশাক ছাড়া এই সময় বাইরে বেরবেন না। নিজের শরীরে আরামদায়ক গরম অনুভূতি হবে এমন পোশাক নির্বাচন করুন। আমাদের রাজ্যে এমনিতেই খুব কম সময় ধরে শীতকাল তলে। অনেক বয়স্ক মানুষই সোয়েটার, টুপি ছাড়াই শীতকাল উপভোগ করতে চান। এতে রক্তচার বৃদ্ধির ঝুঁকি বাড়ে।
• শীতে রক্তচাপ নিয়ন্ত্রণের যাবতীয় রীতি-নিয়ম মানতে হবে। কায়িক পরিশ্রম, সঠিক ডায়েট মেনে চলা প্রয়োজন।
• কাঁচা নুন এমনিতেই রক্তচাপের রোগীদের জন্য ক্ষতিকর। শীতে নোনতা খাবার, স্ন্যাক্স, অতিরিক্ত ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে।
• হৃদযন্ত্রের উপকারী এমন খাবার ডায়েটে রাখুন। শীতকালীন বিভিন্ন শাকসব্জি, ফল, স্বাস্থ্যকর খাবার, আমন্ড, অল্প স্নেহপদার্থ যুক্ত বা স্নেহ পদার্থহীন দুগ্ধজাত দ্রব্য খাওয়ার তালিকায় রাখতে পারেন। মাছ, চিকেন, সয়াবিন, নানারকম ডাল ইত্যাদি প্রোটিন পাতে রাখুন।
• শীতে অ্যালকোহলও এড়িয়ে চলতে পারলে ভালো। শীতকাল এমনিতেই পিকনিক, বেড়াতে যাওয়া, পার্টি ইত্যাদি দিয়ে ঠাসা থাকে। তবে অ্যালকোহলের মাত্রা বেশি হলে শরীরের আভ্যন্তরীণ উষ্ণতা হঠাৎ কমে যেতে পারে। ফলে রক্তনালীগুলি সংকুচিত হয়ে পড়ে।
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়