


নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: হৃদয় জিততে নয়, ভাঙতে চান মিচেল স্যান্টনার!
সেজন্য স্ট্র্যাটেজিও তৈরি। ভারত প্রথমে ব্যাট করলে পাওয়ার প্লে’র মধ্যেই চাই কয়েকটা উইকেট। যাতে শুরুতে ঝড় না ওঠে। আর যেভাবেই হোক ২৫০ করতে না দেওয়া। টার্গেট যেন ২২০ রানের আশপাশে হয়। সেক্ষেত্রে রান তাড়া করে জেতার সম্ভাবনা বাড়বে। আর প্রথমে ব্যাট করলে? শুরুর ছয় ওভারে হারানো চলবে না উইকেট। পাশাপাশি সচল রাখতে হবে স্কোরবোর্ডও। সহজ-সরল গেমপ্ল্যান। কিন্তু ফাইনালে এর সার্থক রূপায়ণ করা সম্ভব হবে তো? কিউয়ি ক্যাপ্টেনের মুখে হাসি, ‘অস্বীকারের কোনও জায়গা নেই যে ভারতই ফেভারিট। তবে তা নিয়ে ভাবছি না। ছোটো ছোটো ব্যাপারগুলো ঠিকঠাক করতে পারলে আমরাই জিতব। তাতে ভারতীয়দের কাপজয়ের স্বপ্ন ভাঙলই বা!’
এদিন নিউজিল্যান্ডের অনুশীলনে ব্যাট-বলের চেয়েও বেশি নজর কাড়ল রাগবি। দীর্ঘক্ষণ তা নিয়েই চলল ছোটাছুটি। কে জানে, চাপ কাটানোর কৌশলই হয়তো এটা। তবে শনিবার যেভাবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড স্পর্শ করল, তাতে কন্ডিশন অবশ্যই বড় চ্যালেঞ্জ। দীর্ঘক্ষণ ঢেকে রাখা হল বাইশ গজ। যাতে পিচ ভেঙে না যায় প্রবল উত্তাপে। নিউজিল্যান্ড শিবির অবশ্য মনে করছে, ওয়াংখেড়ের মতোই রানে ভরা পিচ সবরমতীর পাড়ে অপেক্ষারত। কিন্তু এমন উইকেটে ভারতের ব্যাটিং ঝড় থামাতে পারবে তো কিউয়িরা। কিছুদিন আগেই তো দ্বিপাক্ষিক সিরিজে ১-৪ হেরেছেন স্যান্টনাররা!