


লিসবন: ‘সিআরসেভেন!’— ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ৭ নম্বর জার্সি। কিন্তু, পর্তুগালকে মূল্যবান এই জার্সি ফিরিয়ে দিচ্ছেন মহাতারকা। বৃহস্পতিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘পর্তুগিজ জনগণের উদ্দেশে বলছি, জাতীয় দলের ৭ নম্বর জার্সি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কখনও মনে করিনি, এই জার্সি একান্তই আমার। তবে ২৩ বছর ধরে এই জার্সি গায়ে তোলার, মর্যাদা রক্ষার সুযোগ পেয়ে গর্বিত। এখন সময় এসেছে ভবিষ্যৎ প্রজন্মের হাতে এই জার্সি তুলে দেওয়ার।’
কোচ জর্জ হেসুসের সঙ্গে সম্প্রতি ঝামেলার জেরে জাতীয় শিবির ছেড়েছিলেন রোনাল্ডো। তখনই দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল। এমনকি সিআরসেভেনের বোনও জানিয়েছিলেন, দাদার আর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কম। সেই জল্পনাকে সত্যিই করেই বৃহস্পতিবার রোনাল্ডোর অবসর ঘোষণা। বিদায়ী বার্তায় তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না। ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া যে যাত্রা আমার জীবন চিরতরে বদলে দিয়েছিল, তা আজ শেষ হল। জাতীয় দলের সঙ্গে কাটানো সময়ের দিকে ফিরে তাকালে আমি শুধু ম্যাচ, গোল, রেকর্ড বা ট্রফি দেখি না। বিদেশে থাকা সেই পর্তুগিজদের দেখি, যাঁরা ৯০ মিনিটের জন্য নিজের দেশের একটু কাছে চলে এসেছিলেন। দেখি লক্ষ লক্ষ পর্তুগিজকে, যাঁদের সঙ্গে আমার কখনও দেখা হয়নি, অথচ তাঁরা আমার জীবনের অংশ হয়ে গিয়েছেন। জাতীয় দলের হয়ে খেলার পুরো সময়টা আমি সবসময় নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্ট করেছি, জিততে চেয়েছি, ইতিহাস গড়তে চেয়েছি। সবসময় বিশ্বাস করেছি আমরা আরও দূর যেতে পারি। আর এই জার্সির জন্য সবটুকু উজাড় করে দিয়েছি। সবচেয়ে বড় কথা, পর্তুগালের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। পাশাপাশি সতীর্থ ও পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। জাতীয় দলের হয়ে মাঠে আমার যাত্রা শেষ হল। মাথা উঁচু করে বিদায় নিচ্ছি। কিন্তু আমি কখনও আপনাদেরই একজন হয়ে থাকব। পর্তুগালের প্রতিটা জয়ে আমি আগের মতোই কষ্ট পাব, সমর্থন করব আর ‘সিউউউ!’ বলে উদযাপন করব। বিদায়, আবার দেখা হওয়া পর্যন্ত।’