


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: দুর্গাপুজোর ঠিক আগে ফের অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক অবরোধের ডাক দিল আদিবাসী কুড়মি সমাজ। আগামী ২০সেপ্টেম্বর মহালয়ার দিন থেকেই নিজেদের দাবিদাওয়া আদায়ে অবরোধে নামার কথা ঘোষণা করলেন সংগঠনের মূল মানতা(মুখ্য উপদেষ্টা) অজিতপ্রসাদ মাহাত। বুধবার পুরুলিয়ার সাহেব বাঁধের পাড়ে সংগঠনের তরফে একটি প্রস্তুতি বৈঠক হয়। সেখানে অজিতবাবু আন্দোলনের রূপরেখা ঠিক করে দেন।
কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা, সারনা ধর্মের কোড চালু করা সহ বিভিন্ন দাবি আদায়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছে সংগঠনটি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মহলায়ার আগে এবং ২০২৩ সালে এপ্রিলেও এই ধরনের আন্দোলন করেছিল কুড়মিরা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর-ঝাড়গ্রাম সীমানাবর্তী খেমাশুলিতে এই অবরোধের ব্যাপক প্রভাব পড়েছিল। টানা আন্দোলনের জন্য রেলকে কয়েকশো ট্রেন বাতিল করতে হয়েছিল। অবরোধের জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। ফের পুজোর মুখে এই অন্দোলনে দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।
অজিতবাবু বলেন, কুড়মিদের এসটি তালিকাভুক্ত করতে রাজ্য সরকারের কাছে বহু আবেদন করেছি। মুখ্যমন্ত্রী সমীক্ষার আশ্বাস দিয়েছিলেন। তা এখনও হয়নি। রাজ্যের তরফে এখনও কেন্দ্রের কাছে কমেন্ট ও জাস্টিফিকেশন পাঠায়নি। বারংবার জানানো সত্ত্বেও কেন্দ্র নিজে থেকেও আমাদের সমস্যার বিষয়টিতে হস্তক্ষেপ করছে না। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। আমাদের এই লড়াই উভয় সরকারের বিরুদ্ধেই। শুধু বাংলা নয়, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও এই অবরোধ কর্মসূচি হবে। সব মিলিয়ে প্রায় ১০০ জায়গায় এই কর্মসূচি হবে। তবে কোথায় কোথায় কর্মসূচি হবে, আমরা তা গোপন রাখছি।
কুড়মিদের এই ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে চরম অসন্তোষ ছড়িয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহলে। প্রত্যেকের দাবি, পুজোর আগে এভাবে মানুষকে সমস্যায় না ফেললেই কি নয়? ব্যবসারও ক্ষতি হবে। পাল্টা অজিতবাবু বলেন, বন্ধ করলেই তো সমস্যা। তা সে যেদিনই হোক। তাছাড়া পুজো তো সবাই করে না। আমরা পুজোর বিরোধিতাও করছি না। সাধারণ মানুষকে অনুরোধ করব, আমাদের দাবির প্রতি সহানুভূতি দেখিয়ে যে কয়েকটা দিন অবরোধ চলবে, একটু মেনে নিন।
প্রশাসনের এক আধিকারিক বলেন, অবরোধ হলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। আমরা বিষয়টি রাজ্যে জানিয়েছি। রাজ্য যেরকম নির্দেশ দেবে, তা করা হবে।
রেল ও সড়ক অবরোধের জন্য অন্যান্য কুড়মি সংগঠনগুলিকেও আদিবাসী কুড়মি সমাজের তরফে আহ্বান জানানো হয়েছে। কুড়মি সমাজ পশ্চিমবঙ্গের মুখ্য উপদেষ্টা রাজেশ মাহাত বলেন, এনিয়ে আমরা কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আগামী ২৪ তারিখে আমাদের একটা সভা রয়েছে। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, আগামী ৬ সেপ্টেম্বর কুড়মিদের বঞ্চনার প্রতিবাদে রাজধানী দিল্লিতে আমাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। -নিজস্ব চিত্র